ফারুক ইকবাল, চট্টগ্রাম ব্যুরো প্রধান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাজ্যভিত্তিক ইস্পাত শিল্পের বৃহৎ প্রতিষ্ঠান 'মিত্তাল গ্র"প' চট্টগ্রামের সমুদ্র উপকূলে একটি উপশহর নির্মাণে জন্য ছয়শ' কোটি মার্কিন ডলার (৪২ হাজার কোটি টাকা) বিনিয়োগের প্রস্তাব করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী এই উপশহরে থাকবে বহুতল আবাসিক ভবন, শিল্প পার্ক, ছোট বিমানবন্দর ও জাহাজ ভেড়ানোর ছোটখাটো জেটি।
ভারতীয় বংশোদ্ভুতদের গ্র"পটির এই বিপুল বিনিয়োগ-প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান শাহ মোহাম্মদ আখতারউদ্দিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মিত্তাল স্টিলের ঊর্ধ্বতন কর্মকর্তা রাকেশ দীক্ষিত চট্টগ্রামে তাদের প্রস্তাবিত টাউনশিপ প্রকল্পে বিনিয়োগের বিষয়টি নিয়ে গত এক মাসের মধ্যে দু'বার তার সঙ্গে বৈঠক করেছেন। চউক কার্যালয়ে এই বৈঠক হয়।
চউক চেয়ারম্যান বলেন, "এ বিষয়ে মিত্তাল গ্র"প এরইমধ্যে যোগাযোগ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদেরের সঙ্গে ঢাকায় বৈঠক করেছে।"
তিনি জানান, পতেঙ্গা ও কুমিরা উপকূলীয় বেড়িবাঁধের ভেতরে সমুদ্রে জেগে ওঠা চরকে তীরের সঙ্গে সংযুক্ত করে আট বর্গমাইল এলাকা জুড়ে মিত্তাল গ্র"প এই টাউনশিপ গড়ার প্রস্তাব করেছে। এই প্রকল্পে তারা কমপক্ষে ছয় শ' কোটি মার্কিন ডলার (৪২ হাজার কোটি টাকা) বিনিয়োগের প্রস্তাব করেছে।
চউক এর মাস্টার প্ল্যানে এ ধরনের টাউনশিপ প্রকল্প বাস্তবায়নের সুযোগ রয়েছে বলে তিনি জানান।
শাহ মো. আখতারউদ্দিন আরও জানান, "আমরা মিত্তাল গ্র"পের প্রকল্প প্রস্তাব এগিয়ে নেওয়া ও তাতে সমর্থন দিতে প্রস্তুত রয়েছি। মিত্তাল গ্র"প বিশ্বব্যাপী ইস্পাত শিল্পে বিনিয়োগের জন্য বিখ্যাত হলেও আবাসন খাতেও বিনিয়োগে তাদের অভিজ্ঞতা ও সুখ্যাতি রয়েছে। চট্টগ্রামে প্রস্তাবিত প্রকল্পের মতো স্পেন ও বুলগেরিয়ায় এমন উপশহর তারা নির্মাণ করেছে।"
চউক এর সহকারি নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন আহমদ জানান, টাউনশিপ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করতে মিত্তাল গ্র"পের একটি প্রতিনিধিদল আগামী মাসে চট্টগ্রাম আসছে।
তিনি জানান, ছয়শত কোটি মার্কিন ডলারের এই বিনিয়োগ প্রকল্পে সমুদ্রমুখী আবাসিক ব্লক, পরিবেশ বান্ধব শিল্প ব্লক, ছোট বিমান বন্দর এবং হালকা জাহাজ ভেড়ানোর উপযোগী নৌ বন্দর, পাঁচতারকা হোটেল ও নৌ বিহারের সুযোগসুবিধা থাকবে।
চউক চেয়ারম্যান জানান, প্রাথমিক প্রস্তাব অনুযায়ী মিত্তাল গ্র"পের এ প্রকল্পটি হবে আবাসন ও শিল্প কারখানা সমৃদ্ধ একটি আধুনিক ও আকর্ষণীয় পর্যটন উপশহর। এতে বিপুল বিনিয়োগ ছাড়াও দেশের কয়েক হাজার লোকের কর্মসংস্থান এবং দেশের পর্যটনখাতে আয়ের পথ সুগম হবার সম্ভাবনা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফআই/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24