চট্টগ্রাম, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বাস চলাচল ও যাত্রী ওঠা-নামানোর বিষয়ে নিয়ম করে দিলেও দুর্ভোগ করেনি নগরবাসীর। মঙ্গলবার বিভিন্ন স্থানে নির্ধারিত কাউন্টার থেকে টিকিট কিনে দীর্ঘক্ষণ অপেক্ষা করে বাস না পাওয়া, বেশি ভাড়া আদায়, নির্ধারিত স্টপেজ ছাড়াও যাত্রী ওঠানো-নামানোর মত ঘটনা ঘটেছে। হয়রানির শিকার যাত্রীরা নগরীর অনেক স্থানে বাস ও কাউন্টারে চড়াও হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে বাস না চালানো ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ২৩ টি বাস আটকও করা হয়। মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর ছেড়েও দেওয়া হয় কয়েকটি বাস। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ সংশ্লিষ্ট সকল পক্ষের মতামতের ভিত্তিতে বাংলা নববর্ষের প্রথম দিন সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন রুটে নির্দিষ্ট স্টপেজে কাউন্টার থেকে টিকিট কেটে যাত্রী ওঠানামা বাধ্যতামূলক করে। প্রাথমিকভাবে ৪ টি রুটে এ নিয়ম চালু করা হয়েছে বলে ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে। নির্দিষ্ট আসনের বাইরে যাত্রী পরিবহন বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন নিয়ম চালুর দ্বিতীয় দিন মঙ্গলবার বিভিন্ন রুটে বাস চলাচল কমে যায়। ফলে টিকিট কেটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তবে দুপুরে মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে প্রশাসনের বৈঠকের পর পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসে।
সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আলী মিয়া বৈঠকের সত্যতা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যেসব বাস ইচ্ছা করেই চালানো হয়নি সেগুলোর রুট পারমিট বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সভায় যে কোন মূল্যে নগরীর যান চলাচল ব্যবস্থা শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয় বলেও তিনি জানান।
সরেজমিনে দেখা গেছে, নগরীর ওয়াসার মোড়, লালখান বাজার, টাইগার পাস, আন্দরকিল্লা, কোতয়ালিসহ বিভিন্ন মোড়ে কাউন্টার দেখা গেলেও টিকিট বিক্রেতা ছিলেন না। কোন কোন স্থানে সকাল থেকে টিকিট বিক্রি হলেও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করায় যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং টিকিট বিক্রেতাদের মারতে উদ্যত হওয়ায় দুপুর বারটার পর নগরীর অধিকাংশ স্থানে বিক্রেতারা কাউন্টার ছেড়ে চলে যান।
নিউ মার্কেট মোড়ে দুপুর বারটায় দশ টাকা দিয়ে টিকিট কেটে সল্টগোলা ক্রসিং যাওয়ার জন্য এক ঘণ্টা ধরে অপেক্ষা করছিলেন শাহ আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ সময় পর পর হাতেগোনা কয়েকটি বাস আসলেও তারা নিয়ম নীতির তোয়াক্কাই করছেন না। নির্ধারিত আসনের বাইরে যাত্রী পরিবহন নিষিদ্ধ হলেও চালক ও হেল্পারদের কাছে আমরা যাত্রীরা জিম্মি হয়ে আছি। যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করছে এবং ভাড়াও নিচ্ছে বেশি।"
পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া জানান, নতুন নিয়মের কারণেই অনেকেই দুর্ভোগ পোহাতে হয়েছে। প্রাথমিকভাবে নগরীর ১০, ৯, ৫ ও ৪ নম্বর রোডে এ নিয়ম কার্যকর করা হয়েছে। ১৮ এপ্রিল থেকে ৮, ৩ এবং ২১ এপ্রিল থেকে অপর রুটগুলোতে এ নিয়ম পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা এ নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত বাস আটকের পাশাপাশি অভিযুক্ত চালকের লাইসেন্স বাতিল করা হবে।
অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সরকার নতুনভাবে কোন ভাড়া নির্ধারণ করে দেয়নি। সুতরাং ৫০ পয়সা বেশি ভাড়াও আদায় করা যাবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/২১০৮ ঘ.
bdnews24