ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে সংলাপে ডাকার জন্য নতুন করে চিঠি দেওয়ার বিষয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন চাইছে, বিএনপির দু'পক্ষ নিজেদের মধ্যে সমঝোতা করে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসুক। তবে সমঝোতা না হলে কাদের চিঠি দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমরা অপেক্ষায় আছি, তারা যেনো (বিএনপির দুই অংশ) একসঙ্গে আসেন। তা না হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। দু-একদিন দেখে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেব। মামলার রায় ঘোষণার পর চার-পাঁচদিন হয়ে গেলো। বেশিদিন আমরা আর অপেক্ষা করব না।"
সিইসি বলেন, "আশা করব, (বিএনপির) দুই মহাসচিব বোঝাপড়া করে একসঙ্গে আমাদের কাছে আসবে। এটি আমাদের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল, সবার জন্যই মঙ্গল।"
গত ১০ এপ্রিল বিএনপির সঙ্গে কমিশনের সংলাপের চিঠি নিয়ে খালেদা জিয়ার রিট খারিজ করে হাইকোর্ট। এরপর সিইসি সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি বিএনপির দুই অংশের সঙ্গে যোগাযোগ করে ঐক্যবদ্ধভাবে সংলাপে বসার অনুরোধ জানাবেন।
এ বিষয়ে যোগাযোগ হয়েছে কিনা- প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন, "যোগাযোগ করব বলেছিলাম, কিন্তু তাদের যে সব কথা আসছে, তাতে খুব একটা উৎসাহিত বোধ করছি না। এমনও বক্তব্য আসছে- আমরা যদি দুই পক্ষকে ডাকি, তাহলে মনে করা হবে দল ভাঙার জন্য এটি করা হচ্ছে। তাদের দিক থেকে আমরা ইতিবাচক সংকেত পাচ্ছি না।"
বিএনপির দুই অংশের সমঝোতা না হলে কাদের সংলাপের চিঠি দেওয়া হবে- জানতে চাইলে সিইসি বলেন, "মামলার রায়ের কপি হাতে পাইনি, এটি পেলে সিদ্ধান্ত নেব।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গত ২২ নভেম্বর বিএনপির সঙ্গে প্রথম দফায় সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের।
এ জন্য বিএনপির স্থায়ী কমিটি মনোনীত মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে চিঠি দেয় কমিশন।
ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৮ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন খালেদা জিয়া। দীর্ঘ শুনানি শেষে ১০ এপ্রিল রিট খারিজ করে আদালত।
গত বছর ১৫ জুলাই ঘোষিত কমিশনের নির্বাচনী কর্মপরিকল্পনা (রোডম্যাপ) অনুযায়ী, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর- এই তিন মাসে সংলাপ শেষ করে এ বছরের ফেব্র"য়ারিতে নির্বাচনী আইন চূড়ান্ত এবং মার্চে তা গেজেট আকারে প্রকাশের কথা ছিলো।
একমাত্র বিএনপি ছাড়া কমিশন ১২ সেপ্টেম্বর থেকে ১৫টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম দফার সংলাপ শেষ করে। এরপর ১৪ ফেব্র"য়ারি দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ হয় কমিশনের। কিন্তু সংলাপে বিএনপি না থাকায় কমিশন নির্ধারিত সময়ে নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এসএনডি/এমএ/১৭৩০ঘ.
bdnews24