২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি ক্ষমতা আইনে জামিন প্রশ্নে সরকারের আপিলের শুনানি শেষ, যে কোন দিন রায়

জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তর জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি গ্রহণ শেষ করেছেন সুপ্রিম কোর্ট। যে কোন দিন এর ওপর রায় প্রদান করবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জরুরি ক্ষমতা আইনে বিচারাধীন মামলায় উচ্চ আদালত অভিযুক্তর জামিন আবেদন বিবেচনা করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিলের শুনানি গ্রহণ শেষ করেছেন সুপ্রিম কোর্ট। যে কোন দিন এর ওপর রায় প্রদান করবে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি মোঃ রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই দিন শুনানি গ্রহণ করে আপিলটি রায়ের জন্য অপেক্ষমান রাখার আদেশ দেন। শুনানিতে অংশ নিয়ে সরকার পক্ষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার ১৯ (ঘ) বিধিতে বলা আছে, এ আইনে দায়ের করা মামলার অনুসন্ধান ও তদন্ত চলাকালে কোন অভিযুক্ত কোন আদালত বা ট্রাইবুনালে জামিনের আবেদন জানাতে পারবে না। এই ধারার আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকেও বুঝানো হয়েছে। তাই কোন অভিযুক্ত ব্যক্তি হাইকোর্টেও জামিনের আবেদন জানাতে পারবে না। শুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেন, জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন দিতে পারবে বলে যে রায় দিয়েছিল তাতে অনেক ত্র"টি ছিল। জামিন আবেদনকারী পক্ষে অ্যাডভোকেট আবদুল মতিন খসরু শুনানিতে বলেন, কোন ব্যক্তি কোন আদালতে জামিন চাইতে পারে না এ ধরণের আইন প্রণয়নের এখতিয়ার নির্বাহী কর্তৃপক্ষের নেই। এটি সংবিধান ও মানবাধিকার পরিপন্থি। তিনি আরও বলেন, জরুরি ক্ষমতা বিধিমালায় উল্লেখিত আদালত বা ট্রাইবুনাল বলতে হাইকোর্টকে বুঝায় না। তাছাড়া মূল আইন জরুরি ক্ষমতা অধ্যাদেশে জামিন বিষয়ে কিছু বলা না থাকলেও বিধিমালায় জামিন চাওয়ার ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করা হয়েছে। মূল আইনকে লংঘন করে কোন বিধিমালা প্রণয়ন করা যায় না। ২০০৭ সালের ২১ মার্চ জরুরি ক্ষমতা বিধিমালার দ্বিতীয় সংশোধনীতে জামিনের বিষয়ে কড়াকড়ি আরোপ করা হয়। ওই বছরের ২৯ মার্চ ভেজাল তেল সরবরাহের অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালায় দায়ের করা মামলায় খুলনার তেল ব্যবসায়ী মাইজউদ্দিন সিকদার হাইকোর্টে জামিন আবেদন করেন। এই মামলার শুনানিতে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আপত্তি জানিয়ে বলা হয় জরুরি ক্ষমতা বিধিমালার মামলায় হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা করতে পারবে না। জরুরি ক্ষমতা বিধিমালায় উচ্চ আদালত জামিন দিতে পারবে কিনা এ প্রশ্ন নিয়ে হাইকোর্ট তখন বিস্তারিত শুনানি গ্রহণ করেন। এরপর ২২ এপ্রিল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এস এম এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ জরুরি ক্ষমতা আইনে হাইকোর্ট জামিন আবেদন বিবেচনা ও জামিন প্রদান করতে পারবে বলে রায় দেন। আদালত মাইজউদ্দিনকে জামিনও দেন। ২৪ মে হাইকোর্টের রায় স্থগিত করে দিয়েছিল আপিল বিভাগ। তবে মাইজুদ্দিনের জামিন আদেশ স্থগিত করেনি আদালত। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকার লিভ টু আপিল করলে গত ২০ সেপ্টেম্বর আপিল বিভাগ লিভ মঞ্জুর করে। সরকারকে নিয়মিত আপিল করতেও তখন নির্দেশ দিয়েছিল আদালত। সরকার পরে নিয়মিত আপিল দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/কিউএইচ/এমএ/১৫৪৪ঘ.