টাঙ্গাইল, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধুপুর নাগরিক ফোরামের নির্ধারিত 'মুক্তিযোদ্ধা ও অলিম্পিক পদকপ্রাপ্ত প্রতিবন্ধীদের সংবর্ধনা' সভা সোমবার স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠিত হতে পারেনি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের কর্মকর্তারা।
সোমবার বিকেলে মধুপুর বাস স্ট্যান্ডের এ সংবর্ধনা সভাটি হওয়ার কথা ছিল। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা শেষ মুহূর্তে 'আমন্ত্রণপত্র ও আবেদনপত্রের মধ্যে মিল নেই' -এ অভিযোগে বাতিল করেন। এই অনুষ্ঠানে সেক্টার কমান্ডারস ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানটি বাতিল হওয়ায় তিনি ঢাকায় ফিরে যান।
মধুপুর নাগরিক ফোরামের উপদেষ্টা মাসুদ পারভেজ সোমবার উপজেলা পরিষদ ডাক বাংলোতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, "কোনো কারণ ছাড়াই স্থানীয় ইউএনও অনুষ্ঠানটির ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। সোমবার মধুপুর হানাদার বাহিনী প্রতিরোধ দিবস উপলক্ষে এ অনুষ্ঠনস্থল হিসেবে মধুপুর বাসস্ট্যান্ডে নির্ধারিত ছিল।"
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি বাতিল হওয়ায় সংগঠনের পক্ষ থেকে একটি মতবিনিময় সভা হয়। এতে এ কে খন্দকার, ভাস্কর হামিদুজ্জামান খান ও মুজিবুর রহমান বক্তব্য রাখেন।
এখানে উল্লেখ্য, গত ৩১ মার্চ উপজেলা প্রশাসন লিখিতভাবে সংগঠনটিকে অনুষ্ঠানটি করার অনুমতি দিয়েছিল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগঠনের আহবায়ক ফারুক হোসেন,সদস্য সচিব মিজানুর রহমান,স্থানীয় শিল্প-বনিক সমিতির সভাপতি আলাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিসি/এমএ/১০৩০ঘ.
bdnews24