২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভবনে পাওয়া লক্ষীপেঁচাটি ছেড়ে দেয়া হয়েছে

জাতীয় সংসদ ভবন এলাকা থেকে উদ্ধার করা লক্ষী পেঁচাটিকে সুস্থ অবস্থায় বাংলা নববর্ষের প্রথম প্রহরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 10:15 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ ভবন এলাকা থেকে উদ্ধার করা লক্ষী পেঁচাটিকে সুস্থ অবস্থায় বাংলা নববর্ষের প্রথম প্রহরে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছেড়ে দেওয়া হয়েছে। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক প্রদীপ চৌধুরী লক্ষীপেঁচাটি উদ্ধার করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক শামীম রেজার কাছে হস্তান্তর করেন। সংসদ ভবনের একজন কর্মচারী পেঁচাটি ধরেছিলেন। তার থেকে দেড়শ টাকার বিনিময়ে পেঁচাটিকে কিনে নেন ওই প্রতিবেদক। পাখিপ্রেমিক শিক্ষক শামীম রেজা পেঁচাটিকে নিজের তত্ত্বাবধানে রেখে পারিচর্যা করেন। নিজ উদ্যোগে খাবারও সংগ্রহ করেন। সোমবার পেঁচাটি ছেড়ে দেওয়ার পর শামীম রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"পরিচিত পরিবেশ হারিয়ে পেঁচাটি ভীত হয়ে পড়েছিল। কোনো খাবারই মুখে নিচ্ছিল না। রাতে অনেকটা স্বাভাবিক হয়ে রুমের মধ্যেই উড়াউড়ি করছিল। এরপর ক্যাম্পাসের অপেক্ষাকৃত অন্ধকার গাছে সেটাকে ছেড়ে দেওয়া হয়।" তিনি আরও বলেন,"আমি মনে করি পেঁচাটি আমাদের সৌভাগ্যের প্রতীক হয়ে এসেছে। নতুন বছরের শুরুতে তাকে মুক্ত করে আমরা সবার জন্য মঙ্গলবারতা পোঁছে দিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৬১২ঘ.