২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক ঘটনায় চার শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ও মৌলভীবাজারে পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রসহ চার শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শনিবার রাতে ও রোববার বিভিন্ন ঘটনায় মারা গেছে এক ছাত্রসহ তিন জন। মৌলভীবাজারে বালু চাপায় এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ব্রাহ্মণবাড়িয়া, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় ও মৌলভীবাজারে পৃথক ঘটনায় দুই স্কুল ছাত্রসহ চার শিশু নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শনিবার রাতে ও রোববার বিভিন্ন ঘটনায় মারা গেছে এক ছাত্রসহ তিন জন। মৌলভীবাজারে বালু চাপায় এক ছাত্রের মৃত্যু হয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নিহতরা হল- হবিগঞ্জের মাধবপুর উপজেলার জোনাকী বেগম (৮), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ইমন খান (১০) ও সদর উপজেলার সুহিলপুর গ্রামের শিপন (৮)। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জহিরুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে মাধবপুরের জোনাকী বেগম, আখাউড়ার ইমন খান সদর হাসপাতালে মুমুর্ষু অবস্থায় ভর্তি হয়। এর মধ্যে জোনাকী মশা মারার ওষুধ খেয়ে এবং ইমন ওষুধ ভেবে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়। এদিকে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাড়ির সার্জেন্ট মো. বায়েজিদ জানান, রোবরার সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়ায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা অভিমুখী একটি চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে শিপন নামের সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিপন ঘটনাস্থলেই প্রাণ হারায়। মৌলভীবাজার প্রতিনিধি জানান, রোববার দুপুরে কমলগঞ্জের লাঘাটা নদীর চর থেকে বালু উত্তোলন করতে গিয়ে গর্তের ভেতর বালু চাপায় কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র জাবেদ আহমেদের (১৩) মর্মান্তিক মৃত্যু হয়। সে আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের বাহরাইন প্রবাসী গফুর মিয়ার ছেলে। একই ঘটনায় আহত হয়েছে তার অপর তিন সহযোগী শানু মিয়া (৯), রিপন মিয়া (১২) ও কয়েছ মিয়া (১১)। তাদের বাড়িও শ্রীনাথপুর গ্রামে। আহত কয়েছ মিয়া জানায়, শ্রীনাথপুর গ্রাম দিয়ে বয়ে যাওয়া লাঘাটা নদীর পূর্বদিকের একটি চরে গর্ত খ্ুেড় জাবেদসহ তারা চারজন সকাল ১০টা থেকে বালু তোলা শুরু করে। গত কয়েকদিন থেকেই তারা বালু উত্তোলন করছিল। এতে ওই স্থানে প্রায় ২০ ফুট গভীর গর্ত তৈরি হয়। বালু উত্তোলনের এক পর্যায়ে সকাল ১১টার দিকে গর্তের ভিতর তাদের ওপর বালু ধসে পড়ে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। কয়েছ জানায়, তারা চার বন্ধু এভাবে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করত। কমলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক আশুতোষ সিংহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে জাবেদকে হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। কমলগঞ্জ কমলগঞ্জ থানার চলতি দায়িত্বে ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২২ ঘ.