ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মৃতপ্রায় বুড়িগঙ্গার দুষণ প্রতিরোধে গণজাগরণ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদ। তিনি বলেছেন, গৃহস্থালি, প্রাতিষ্ঠানিক ও শিল্প বর্জ্য যেন নদীতে না ফেলা হয় সেজন্য গণসচেতনা সৃষ্টি করতে হবে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'বুড়িগঙ্গা বিষয়ক টাস্কফোর্সের সুপারিশমালা হিমাগারে কেন? একটি নাগরিক আলোচনা' শীর্ষক সভায় তিনি এ আহ্বান জানান।
বাপা নেতা ছাড়াও অনুষ্ঠানের অনেক আলোচকের বক্তব্যের অভিন্ন সুরটি ছিল এই যে, আইন আর দখলমুক্তি অভিযান কোনোকিছুই কার্যকরী হচ্ছে না বলে জনগণের মধ্যে ব্যাপক সচেতনাই বিপন্ন বুড়িগঙ্গাকে বাঁচানোর একমাত্র উপায় হতে পারে।
২০০৩ সালে গঠিত ১১ সদস্যের বুড়িগঙ্গা রক্ষা বিষয়ক টাস্কফোর্সে সুশীল সমাজের প্রতিনিধিদের একজন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ বলেন,"বুড়িগঙ্গা রক্ষায় বিভিন্ন প্রকল্প, টাস্কফোর্সের সুপারিশ ও আইন রয়েছে। কিন্তু তা বাস্তবায়িত হচ্ছে না। বাপা ১১ বছর ধরে আন্দোলন করে কোনো ফল পায়নি। এখন বুড়িগঙ্গা রক্ষা আন্দোলনে সাধারন জনগণ সম্পৃক্ত হয়েছে। এখনই সময় এ আন্দোলনকে বেগবান করার। এজন্যে গণজাগরণ সৃষ্টি করতে হবে।"
২০০৩ সালের ফেব্র"য়ারিতে চার মন্ত্রীসহ ১১ সদস্যবিশিষ্ট বুড়িগঙ্গা রক্ষা বিষয়ক টাস্কফোর্স গঠিত হয়। টাস্কফোর্সের সুপারিশসমূহ মন্ত্রিসভা অনুমোদনও করে। গত ১০ ফেব্র"য়ারি তত্ত্বাবধায়ক সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নৌ পরিবহন উপদেষ্টাকে সভাপতি করে টাস্কফোর্সটিকে পুনর্গঠন করে। বুড়িগঙ্গা নদী ও এর তীরভূমির মালিকানা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ সুনিশ্চিতকরণ, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ, সিএস রেকর্ড অনুসারে নদীর সীমানা পুনঃনির্ধারণ প্রভৃতি রয়েছে টাস্কফোর্সের সুপারিশমালায়।
বুড়িগঙ্গা রক্ষায় অনেক সভা করে সিদ্ধান্ত নিয়েও তা বাস্তবায়ন হয় না-এ খেদ প্রকাশ করে অধ্যাপক মোজাফ্ফর আহমদ বলেন, এ নদী রক্ষায় ঢাকা সিটি করপোরেশনকেও উদ্যোগী হতে হবে। কোনো ধরনের বর্জ্য নদীতে না ফেলার বিষয়ে এলাকার মানুষদের নিয়ে কাজ করতে হবে।
বাপার সহ সভাপতি অধ্যাপক কাজী মদিনা বলেন, "জনগণ সোচ্চার হচ্ছে। বুড়িগঙ্গা বাঁচাতে আইনী জটিলতা থেকে বেরিয়ে টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।"
নদী বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ফিরোজ আহমেদ বলেন, "পরিবেশ অধিদফতর হলো, মন্ত্রণালয় হলো। সেইসঙ্গে পাল্লা দিয়ে দুষণও হয়েছে দ্বিগুণ হারে। আইন ও প্রতিষ্ঠান থাকলেও দুষণ প্রতিরোধে কোনো ব্যবস্থা হয়নি।"
ফিরোজ আহমেদ আরো বলেন,"আমরা বিজ্ঞানীরা ব্যর্থ হয়েছি। দিন দিন শিল্প-কারখানা বাড়ছে। কিন্তু ব্যবস্থাপনার কোনো লক্ষণ নেই। যে নদীর পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্র শূন্য হয়ে গেছে, সেখানে পরিবর্তনের কিছুই নেই। দখলমুক্ত, দূষণমুক্ত রাখার চেয়ে দূষণ প্রতিরোধে এখন জনগণের সম্পৃক্ততা ছাড়া কোনো বিকল্প নেই।"
ইন্সটিটিউট অব ওয়াটার মডেলিংয়ের চেয়ারম্যান প্রকৌশলী এমদাদ উদ্দিন আহমেদ বলেন, "বুড়িগঙ্গার দুষণের সঙ্গে সঙ্গে ঢাকার আশপাশে অন্য নদীর দূষণও বেড়ে যাচ্ছে।"
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার হাজী আলতাফ হোসেন, আনোয়ার পারভেজ বাদল, হুমায়ুন কবির ও সাহিদা মোর্শেদ, পরিবেশ রক্ষা আন্দোলন কর্মী অধ্যক্ষ আবদুল হালিম, এ্যাডভোকেট আবিদ রেজা, শাহজাহান মৃধা, হাফিজুর রহমান ময়না, বিধান চন্দ্র পাল প্রমুখ।
ওয়ার্ড কমিশনার ও পরিবেশ রক্ষা আন্দোলন কর্মীরাও বুড়িগঙ্গা রক্ষায় সার্বিক সহযোগিতা ও আগামীতে জনসম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাবে একাত্মতা জানান। খুব শিগগিরই বুড়িগঙ্গার তীরে ৫০ হাজার লোক জমায়েত করে নদী রক্ষায় কর্মসূচি নেওয়ার কথাও জানান তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসকে/২০৩৪ঘ.
bdnews24