ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কর্মী ছাটাইসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের জবাবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মনোজ বাসনিয়াত বলেছেন, 'যোগ্যতা যাচাইয়ে' অনুত্তীর্ণ ইউএনডিপি'র কিছু কর্মী ও কয়েকজন সরকারি কর্মকর্তা তার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন। সহকর্মীদের মধ্যে জনপ্রিয়তা হারিয়ে ফেলা সংস্থাটির এ প্রধান চাপের মধ্যে রয়েছেন।
মনোজ বাসনিয়াত আরো বলেন, কয়েকটি অপ্রয়োজনীয় প্রকল্পের সময় না বাড়ানোর কারণে কিছু সরকারি কর্মকর্তাও তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন।
জাতিসংঘ সংস্থাটির আবাসিক প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইউএনডিপি'র আবাসিক কার্যালয় ও প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী যোগ্যতা যাচাই পরীক্ষায় ৫৫ জনের মধ্যে ২৮ জন উত্তীর্ণ হতে পারেননি। অনুত্তীর্ণ কিছু কর্মী ও তাদের আত্মীয় সরকারি কর্মকর্তারা আমার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বানিয়েছেন।"
তিনি জানান, অনুত্তীর্ণ কর্মীদের কয়েকজনকে বিভিন্ন প্রকল্পে নিয়োগ দেওয়া হয়েছে, তবে অযোগ্য বলে বাকিদের বাদ দেওয়া হয়েছে।
৮৬ শতাংশ আন্তর্জাতিক কর্মী ও ৬২ শতাংশ স্থানীয় কর্মী আবাসিক প্রতিনিধি হিসেবে তার প্রতি আস্থাশীল নন- স্থানীয় গণমাধ্যমে প্রচারিত এ খবরের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বাসনিয়াত। ২০০৭ সালের ইউএনডিপি'র 'গ্লোবাল স্টাফ সার্ভে'র ভিত্তিতে ওই খবর প্রকাশ করা হয়।
বাসনিয়াত বলেন, "কিছু সরকারি কর্মকর্তা কয়েকটি অপ্রয়োজনীয় প্রকল্পের মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। এতে সম্পদের অপচয়ই হতো। নির্দিষ্ট সময় শেষে প্রকল্পগুলো শেষ হয়।" উদাহরণ হিসেবে তিনি অর্থনৈতিক সম্পর্ক (ইআরডি) বিভাগের একটি প্রকল্পের কথা জানান।
তিনি বলেন, "যেহেতু আমিই সংস্থার মুখপাত্র এবং সবসময় সামনে থাকি তাই আমার প্রতিই তাদের এসব অভিযোগ। এগুলো মোটেও সত্য নয়।"
তিনি জানান, ইউএনডিপি বাংলাদেশে গত ৩০ বছর গড়ে বার্ষিক দুই থেকে আড়াই কোটি ডলার ব্যয় করেছে। "গত বছর বিভিন্ন প্রকল্পে আমি পাঁচ কোটি ৭০ লাখ ডলারের বেশি ব্যয় করেছি, যা একটি রেকর্ড।"
গত জুলাইয়ে মনোজ বাসনিয়াত ইউএনডিপি-বাংলাদেশের কর্মীদের জন্য পুনঃযোগ্যতা যাচাই পরীক্ষা নেওয়ায় ব্যবস্থা করেন যা কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে। সব স্থায়ী কর্মীদের এ পরীক্ষায় অংশ নিতে হয়। পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের চাকরিচ্যুত করা হয়েছে।
২০০৬ সালে বাংলাদেশে ইউএনডিপি'র আবাসিক প্রতিনিধি হিসেবে যোগ দেন নেপালী নাগরিক বাসনিয়াত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২০০২ঘ.
bdnews24