২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কন জিনিসর দাম কমিবো কইত পারিবেন না ?'

"কন জিনিসর দাম কমিবো কইত পারিবেন না ? বাজার লই কিছু ন জিগ্যাইঅন। মাথা গরম অই যাই। পত্রিকাত লেকি কি অইব ? জিনিসপাতির দাম তো আর ক্যইমত ন, পাইরল্যে বাড়িব।" (কোন জিনিসের দাম কমবে বলতে পারেন ? বাজার নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। মাথা গরম হয়ে যায়। পত্রিকায় লিখে কি হবে। জিনিসপত্রের দাম তো কমবে না, বরং বাড়বে।)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

চট্টগ্রাম, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- "কন জিনিসর দাম কমিবো কইত পারিবেন না ? বাজার লই কিছু ন জিগ্যাইঅন। মাথা গরম অই যাই। পত্রিকাত লেকি কি অইব ? জিনিসপাতির দাম তো আর ক্যইমত ন, পাইরল্যে বাড়িব।" (কোন জিনিসের দাম কমবে বলতে পারেন ? বাজার নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না। মাথা গরম হয়ে যায়। পত্রিকায় লিখে কি হবে। জিনিসপত্রের দাম তো কমবে না, বরং বাড়বে।) শুক্রবার সকালে নগরীর রেয়াজুদ্দিন বাজারে সবজি কিনতে আসা ষাটোর্ধ্ব আবুল হোসেনের কাছে দাম সম্পর্কে জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন। চাল-ডাল-চিনি-ডিম-মাছ-মুরগির পর সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। শুক্রবার রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে নতুন আসা কাকরোল ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এছাড়া নতুন আসা অন্যান্য সবজির দাম ছিল উর্ধ্বমুখী। বিভিন্ন সবজির দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। রেয়াজুদ্দিন ও কাজীর দেউরী বাজারে পটল প্রতি কেজি ২৮ টাকা, করলা ২৪ টাকা, বরবটি ২৪ টাকা, শসা ২৪ টাকা, টমেটো মান ভেদে ২০ থেকে ২৪ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, ঝিঙা ২৬ টাকা, আলু ১৪ টাকা, বেগুন ১৬ থেকে ২০ টাকা, বাঁধাকপি ১০ টাকা, মিষ্টি কুমড়া ৮ টাকা, পেঁপে ১৮ টাকা, চাল কুমড়া ১৬ টাকা, কচুর লতি ২০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি, প্রতিটি সবজিরই সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। খামারের মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০৫ টাকা, দেশি মুরগি ১৭০ টাকা, খামারের মুরগির ডিম (লাল) প্রতি শ' ৫১০ টাকা, সাদা ৫০০ টাকা, দেশি ৫০০ টাকা এবং হাঁসের ডিম ৫৩০ টাকা। চারদিন আগেও মুরগি ও ডিম একই দামে বিক্রি হয়েছে। চাল ও ডালের দাম বেড়ে এখন স্থিতিশীল। তবে কোন কোন চালের দাম কেজিতে এক থেকে দেড় টাকা পর্যন্ত কমেছে। পাইকারি বাজারের সঙ্গে খুচরা বাজারের দামের পার্থক্য তিন থেকে চার টাকা। খাদ্য অধিদপ্তর, বিডিআর ও সিটি করপোরেশন খোলাবাজারে চাল বিক্রি করলেও এর কোন প্রভাব বাজারে দেখা যায়নি। প্রতি কেজি ভারতীয় বেতি ৩৩ টাকা, মিনিকেট আতপ ৩৭ টাকা, পাইজাম ৪২ টাকা, নাজিরশাইল ৪২ টাকা, বালাম সিদ্ধ ৩৪ টাকা, মিনিকেট সিদ্ধ ৪১ থেকে ৪২ টাকা, জিরা সিদ্ধ ৪২ থেকে ৪৩ টাকা, সবচেয়ে মোটা বার্মা বেতি এক টাকা কমে ২৯ টাকা ও ভারতীয় স্বর্ণা ৩৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বাজারে আসা স্কুল শিক্ষক হারেছ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সবকিছুই আমাদের নাগালের বাইরে। এতদিন সবজির দামটা কম ছিল এখন থেকে তাও বেড়ে গেল। সামনে সবজির দাম কমলে দেখা যাবে চালের দাম আবার বেড়েছে। এটাই হয়তো আমাদের নিয়তি।" সয়াবিন তেল (খোলা) প্রতি কেজি ১০০ টাকা ও প্রতি লিটার (৯০০ এমএল) ১০৪ থেকে ১০৫ টাকা বিক্রি হচ্ছে। বোতলজাত এক লিটার সয়াবিন তেল কোম্পানিভেদে ১০৭ থেকে ১০৮ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। ৫ লিটারের জার বিক্রি হয়েছে ৫১০ থেকে ৫১৫ টাকায়। প্রতি কেজি চিনি ৩৭ থেকে ৩৮ টাকা, বিভিন্ন মানের মসুর ডাল ৯০ থেকে ৮৫ টাকা, মুগ ডাল ৬৮ থেকে ৬৩, পেঁয়াজ প্রতি কেজি ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫১ ঘ.