সাভার, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এখন থেকে বার্ড ফ্লু আক্রান্ত খামার ও তার আশপাশের আধ কিলোমিটার এলাকার সব ধরনের হাঁস-মুরগি নিধন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মানিক লাল সমাদ্দার।
তিনি বলেন, "যেই খামারে এভিয়েন ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) আক্রান্ত হবে, শুধু সেই খামারের হাঁস বা মুরগি নিধন করা হবে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির রিপোর্ট পাওয়ার পরই নিধন অভিযান চালানো হবে।"
বৃহস্পতিবার সাভারে বাংলাদেশ পশুসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) 'বাংলাদেশে এভিয়েন ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী একথা বলেন।
তিনি বলেন, "আগে আক্রান্ত খামারের এক কিলোমিটারের মধ্যে অন্যান্য খামারের মুরগি নিধন করা হতো। আর এখন আধ কিলোমিটারের মধ্যে নিধন করা হবে। এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে খামারগুলো নজরদারিতে রাখা হবে।"
মানিক লাল আরও বলেন, "ক্ষতিগ্রস্ত খামারীদের ব্যাংক ঋণের সুদ কমানো হয়েছে। তাছাড়া পুরনো ঋণ গ্রহীতারা যাতে সহজেই আবার ঋণ নিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।"
বাংলাদেশ পশু সম্পদ গবেষণা ইনস্টিটউটের মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশুসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক সুীশল চন্দ্র ঘোষ বাংলাদেশ কুষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মনসুর আমিন, পশু সম্পদ গবেষণা ইনস্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. গিয়াস উদ্দিন, গবেষণা বিভাগের বিভাগীয় প্রধান ড. এম জে এফ এ তৈমুর প্রমূখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৫ ঘ.
bdnews24