ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অবৈধভাবে সম্পত্তি অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ কামাল আহমেদ মজুমদারের স্ত্রী সাহিদা মজুমদার জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক তানজীনা ইসমাইল এ জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারা উপ মহাপরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী জানান, আদালত থেকে জাামিন পাওয়ায় সন্ধ্যায় সাহিদা মজুমদারকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সাহিদা মজুমদার একই আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
জামিনের আবেদন জানিয়ে সাহিদার আইনজীবী শেখ বাহারুল ইসলাম ও এমদাদ হোসেন আদালতকে বলেন, সাহিদা এ মামলার প্রধান আসামি নয়, সহযোগী আসামি। জরুরি আইনে দায়ের করা মামলায় সহযোগী আসামি মহিলা হলে তাকে জামিন দেওযার বিধান রয়েছে। তাছাড়া তাকে জামিন দিলে তিনি পালিয়ে যাবেন না।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এএফএম গোলাম ফাত্তাহ জামিনের বিরোধিতা করেন।
বিচারক দুই লাখ টাকা এবং একজন জনপ্রতিনিধির জিম্মায় সাহিদা মজুমদারের জামিন মঞ্জুর করেন। ঢাকা সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের কমিশনার আব্দুল কাদের সাহিদার জিম্মাদার হয়েছেন।
গত বছরের ২৪ সেপ্টেম্বর কামাল আহমেদ মজুমদার ও তার স্ত্রীর বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোরশেদ আলম।
এতে অভিযোগ করা হয়, কামাল মজুমদার জ্ঞাত আয় বহির্ভুতভাবে ১০ কোটি ২৩ হাজার ৩০৫ টাকার সম্পত্তি অর্জন করেছেন। তিনি এর মধ্যে সাত কোটি ১৯ লাখ ৫১ হাজার ৫৪৭ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন । তার স্ত্রীর বিরুদ্ধে এসব সম্পত্তি অর্জনে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
কামাল মজুমদার বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/এমএ/এমএইচবি/১৮২২ঘ.
bdnews24