হবিগঞ্জ, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কার কর্মসূচির আওতায় নতুন অধ্যাদেশ হলে পুলিশের ব্যবস্থাপনা, অর্থায়ন ও দায়বদ্ধতা বাড়বে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকি স্মিথ।
বুধবার দুপুরে হবিগঞ্জের বাহুবল মডেল থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, "ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পুলিশ সংস্কার কার্যক্রমে সহযোগিতা করতে পেরে ব্রিটিশ সরকার আনন্দিত। সংস্কার কর্মসূচির আওতায় নতুন পুলিশ অধ্যাদেশ ঘোষণা করা হলে পুলিশের ব্যবস্থাপনা, অর্থায়ন ও দায়বদ্ধতা আরো ভালো হবে। সেইসঙ্গে ন্যায়বিচার প্রাপ্তিতে সবার সমান সুযোগ সৃষ্টি ও সাধারণ মানুষকে আরো ভালো সেবাদানে সচেষ্ট হবে পুলিশ।"
বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ও পুলিশ সংস্কার কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক এন বি কে ত্রিপুরা, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আতাউর রহমান ও পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ইউএনডিপি'র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ল্যারি ম্যারামিস এবং পুলিশ সংস্কার কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক হিউবার্ট স্টাবেরহোফার এ সময় উপস্থিত ছিলেন।
এনবিকে ত্রিপুরা বলেন, "থানা এলাকার অপরাধ প্রতিরোধে পুলিশ ও স্থানীয় জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা, বিশ্বাস ও সহযোগিতার মনোভাব তৈরি ও সুসম্পর্ক স্থাপনে এই নতুন মডেল থানা কার্যকর ভূমিকা রাখবে।"
তিনি বলেন, "এলাকাবাসীর বিশেষত, অসহায় বঞ্চিত মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও নিয়মিত যোগাযোগ এবং তাদের অসুবিধা ও পরামর্শ সম্পর্কে জানা থাকলে পুলিশের পেশাদারি কাজ অনেক সহজ হয়ে যায়।"
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মডেল থানার মূলনীতি হল- 'জনমুখী ও সেবামুখী পুলিশি ব্যবস্থা', যা পুলিশি ব্যবস্থায় সংস্কার ও পুলিশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্ব দেয়। মডেল থানার দর্শনার্থীরা আশা করতে পারে, যেসব পুলিশ সদস্যের সঙ্গে তারা দেখা করবেন তারা হবেন পেশাদার, দক্ষ ও মার্জিত। তারা সহযোগিতার জন্য সবসময় তৈরি থাকবেন এবং ধৈর্য্য ধরে মানুষের অভিযোগ শুনবেন। এ সেবার মাধ্যমে অপরাধ দমন সহজ হবে।
ঔপনিবেশিক আমলের ধ্যান-ধারণা ফেলে জনবান্ধব পুলিশি ব্যবস্থা চালুর অংশ হিসেবে মডেল থানা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। দেশের ১৭টি মডেল থানার মধ্যে হবিগঞ্জের বাহুবলসহ ১১টি মডেল থানার সংস্কার কাজ শেষ হয়েছে।
সরকার ২০০৫ সালে ইউএনডিপি, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) ও ইউরোপীয় কমিশনের সহায়তায় পুলিশ সংস্কার কর্মসূচি শুরু করে।
এর আগে সকালে সিলেট সফরের সময় ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেলা সার্কিট হাউজে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জ্যাকি স্মিথ বলেন, "আমরা আশা করছি, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশে নির্বাচন হবে। ব্রিটেন বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র দেখতে চায়। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।"
ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীও সভায় বক্তৃতা করেন। সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক হারুন-উর-রশিদ খান, ডিআইজি আব্দুস সালাম, পুলিশ কমিশনার সৈয়দ তৌফিক উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কবির চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এসএনডি/২২০৯ ঘ.
bdnews24