২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের আগের দিন রমনা পার্কে ঢোকা নিষেধ

নিরাপত্তার স্বার্থে নববর্ষের আগের দিন রাজধানীর রমনা পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে ১৪ এপ্রিল ভোর ৫টা থেকেই সেখানে ঢুকতে পারবে সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিরাপত্তার স্বার্থে নববর্ষের আগের দিন রাজধানীর রমনা পার্কে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে ১৪ এপ্রিল ভোর ৫টা থেকেই সেখানে ঢুকতে পারবে সবাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার বিকালে নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব মো. আব্দুল করিম সাংবাদিকদের এ তথ্য দেন। সচিব বলেন, "বাংলা নববর্ষ উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা থাকবে। সারাদেশে এদিন মোতায়েন থাকবে ১২ হাজার ২৩৪ জন র‌্যাব ও পুলিশ সদস্য।" রমনা পার্ক এলাকায় আটটি চেকপোস্ট থাকবে জানিয়ে তিনি বলেন, "সেখানে সন্দেহভাজনদের তল্লাশি চলবে। পার্কসহ আশপাশের এলাকায় বসানো হবে ২৪টি 'ক্লোজ সার্কিট টিভি ক্যামেরা'। বোমা নিষ্ক্রীয়করণ দল, ডগ স্কোয়াড, র‌্যাব ও পুলিশের মটর সাইকেলবাহী 'স্ট্রাইকিং ফোর্স' রাজধানীর প্রধান উৎসবস্থলে টহল দেবে বলেও জানান স্বরাষ্ট্র সচিব। আব্দুল করিম বলেন, দেশের বিভিন্ন হোটেলে অতিথিদের ফোন নম্বর ও ছবি অন্তত একমাস সংরক্ষণের জন্য মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সিনেমা হলগুলোতে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পহেলা বৈশাখে নাশকতার আশঙ্কা আছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, "গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে এমন কোনো প্রতিবেদন আসেনি।" স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে বৈঠকে মহা পুলিশ পরির্দশকসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচবি/বিআর/এএল/এসএনডি/এমএইচবি/২১৪৩ ঘ.