২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতকে সঙ্গে নিয়ে সংলাপে বসবে না জাতীয় পার্টি

তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা সঙ্গে বুধবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক আলোচনা করেছে এরশাদ নেতৃত্বধীন জাতীয় পার্টি (জাপা)। দলটির নেতারা সরকারকে জানিয়েছে, জামায়াতে ইসলামী বা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক সংলাপে বসতে তারা রাজি নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের চার উপদেষ্টা সঙ্গে বুধবার সন্ধ্যায় অনানুষ্ঠানিক আলোচনা করেছে এরশাদ নেতৃত্বধীন জাতীয় পার্টি (জাপা)। দলটির নেতারা সরকারকে জানিয়েছে, জামায়াতে ইসলামী বা যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক সংলাপে বসতে তারা রাজি নয়। 'সংলাপ' পূর্ববর্তী আলোচনার অংশ হিসেবে রাজধানীর ক্যাপ্টেন আবদুল গনি সড়কের রেল ভবনে সন্ধ্যা পৌনে ৭টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ওই বৈঠক হয়। জাপা প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পরে সাংবাদিকদের বলেন, "বৈঠকে জরুরি অবস্থা প্রত্যাহার এবং সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক গুণগত পরিবর্তন আনার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে উপদেষ্টারা আমাদের জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করতে চান। এক্ষেত্রে তাদের আন্তরিকতা প্রকাশ পেয়েছে।" তিনি জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা শেষ করেই সরকার আনুষ্ঠানিক সংলাপে বসবে বলে বৈঠকে জানানো হয়েছে। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, "চার উপদেষ্টার সঙ্গে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ও নির্বাচন পরবর্তী সরকার পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন তারা। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, জামায়াতে ইসলামী বা যুদ্ধাপরাধী কোনো রাজনৈতিক দলের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসব না।" জাপার সঙ্গে আলোচনায় সরকারের পক্ষে ছিলেন, যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। রাত ৮টার দিকে আলোচনা শেষ হয়। আনিসুল ইসলাম মাহমুদ ছাড়াও জাপা প্রতিনিধিদলে ছিলেন মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও জিয়া উদ্দিন আহমেদ বাবলু। এর আগে সোমবার রাতে রেলভবনে আওয়ামী লীগের সঙ্গে উপদেষ্টাদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এএল/এসএনডি/এমএইচবি/২১২৫ ঘ.