২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের বৈধতা নিয়ে সালাউদ্দিন কাদেরের রিট খারিজ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও দুই কমিশনার নিয়োগসহ কমিশন গঠনের বৈধতা নিয়ে সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রিট 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজ (নট প্রেস, রিজেক্টেড) করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 03:02 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী ও দুই কমিশনার নিয়োগসহ কমিশন গঠনের বৈধতা নিয়ে সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রিট 'উপস্থাপিত হয়নি' মর্মে খারিজ (নট প্রেস, রিজেক্টেড) করেছে হাইকোর্ট। বিচারপতি ইমান আলী ও বিচারপতি এ এফ এম আবদুর রহমানের বেঞ্চ বুধবার রিটের ওপর সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এ আদেশ দেয়। গত ৬ এপ্রিল করা রিট আবেদনে সালাউদ্দিন কাদের চৌধুরী দুদকের আইনগত ভিত্তি নেই দাবি করেন। এ কারণে তার বিরুদ্ধে কমিশনের করা মামলায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন ও বিচার কার্যক্রমকে বেআইনি ঘোষণার আবেদন জানান সালাউদ্দিন কাদের। আবেদনের শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, বাছাই কমিটি গঠন এবং এর সুপারিশ ছাড়াই রাষ্ট্রপতি আইনের বিধান লঙ্ঘন করে গতবছরের ২২ ফেব্র"য়ারি হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান ও আবুল হাসান মনজুর মান্নানকে কমিশনার নিয়োগ করেন। দুদকের আইনজীবী আজিজ খান এর জবাবে বাছাই কমিটি গঠনের গেজেট আদালতে উপস্থাপন করে বলেন, আপিল বিভাগের বিচারপতি তাফাজ্জাল ইসলামের নেতৃত্বে বাছাই কমিটি করেই হাসান মশহুদ চৌধুরীসহ তিন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। আদালত আজিজ খানের যু্িক্ত গ্রহণ করে রিটটি খারিজ করে দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সালাউদ্দিন কাদেরের আইনজীবীর কাছে কাছে জানতে চান, তিনি রিটটি 'নট প্রেস' করবেন কিনা। ব্যারিস্টার রফিক উল হকের সম্মতির পরিপ্রেক্ষিতে পরে আদালত রিটটি উপস্থাপিত হয়নি মর্মে খারিজ করে। ব্যারিস্টার রফিক সাংবাদিকদের বলেন, যে যুক্তিতে রিট করা হয়েছিল সেই বাছাই কমিটির গেজেট আদালতে উপস্থাপন করায় আবেদন প্রত্যাহার করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীকে গতবছর ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে যৌথবাহিনী। তার সম্পদের হিসাব চেয়ে ওই বছরের ১৮ ফেব্র"য়ারি নোটিশ দেয় দুদক। স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ২৫ ফেব্র"য়ারি সম্পদের হিসাব দেন। গতবছরের ১৩ জুন সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভুত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ এনে মামলা করে দুদক। ৩০ সেপ্টেম্বর কমিশন অভিযোগপত্র দায়েরের অনুমোদন দেয়। বিশেষ জজ আদালত ৫ নভেম্বর এ মামলায় সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০৫৫ ঘ.