২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলসেন্টারের লাইসেন্সের জন্য আবেদন আহ্বান

কল সেন্টারের লাইসেন্সের জন্য আগ্রহীদের আবেদন করতে বলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বুধবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 02:22 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কল সেন্টারের লাইসেন্সের জন্য আগ্রহীদের আবেদন করতে বলেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। বুধবার বিটিআরসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠানটির সিনিয়র কনসালটেন্ট আবদুল্লাহ এ ফেরদৌস এ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কলসেন্টার নীতিমালা অনুসারে নূন্যতম যোগ্যতা থাকলেই লাইসেন্স দেওয়া হবে। এ জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। লাইসেন্সের সংখ্যাও নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এ প্রক্রিয়া চলতে থাকবে।" কলসেন্টার, হোস্টেড কলসেন্টার ও হোস্টেড কলসেন্টার সার্ভিস প্রোভাইডার- এই তিন শ্রেণীতে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কল সেন্টার সেবার জন্য লাইসেন্স দেবে বিটিআরসি। এ জন্য ব্যাংক ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে বিটিআরসির অনুকূলে লাইসেন্স ফি হিসেবে ৫০০০ টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। বিটিআরসির মহাখালীর সেতু ভবনের অফিস বা ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করা যাবে। বিটিআরসি গত ৩১ মার্চ কল সেন্টারের লাইসেন্স প্রদানসংক্রান্ত নীতিমালাটি চূড়ান্ত করে ওয়েবসাইটে প্রকাশ করে। নীতিমালায় বলা হয়েছে, কল সেন্টার স্থাপনে সর্বোচ্চ ৪৫ ভাগ বিদেশি বিনিয়োগ নেওয়া যাবে। আর অনাবাসী বাংলাদেশীরা বিনিয়োগ করতে পারবে সর্বোচ্চ ৭০ ভাগ। ক্যাপটিভ ইন্টারন্যাশনাল কল সেন্টারের ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান আইন অনুসারে বিদেশিরা সরাসরি ১০০ ভাগ বিনিয়োগ করতে পারবে। বিদেশিদের বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনও পুঁজি সংগ্রহ করা যাবে না। দেশের বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান কল সেন্টার স্থাপন করতে পারবে। তবে এজন্য কল সেন্টার তাদের মূল কার্যালয়ের বাইরে আলাদাভাবে স্থাপন করতে হবে। নীতিমালায় বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামে কল সেন্টার স্থাপন করা হলে তিন বছরের জন্য 'রেভিনিউ শেয়ারিং হলিডে' (আয়ের অংশীদারিত্ব ছাড়) দেওয়া হবে। অন্যান্য এলাকার ক্ষেত্রে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো পাঁচ বছরের জন্য এ সুবিধা পাবে। আর এই মেয়াদ শেষে বিটিআরসি কল সেন্টারগুলোর শূন্য দশমিক ৫ ভাগ শেয়ার ভোগ করবে। কল সেন্টারগুলো প্রথম বছর প্রয়োজন অনুসারে বিদেশি জনবল নিয়োগ দিতে পারবে। এক বছর পর বিদেশি কর্মীর সংখ্যা হতে পারবে মোট জনবলের সর্বোচ্চ ১০ ভাগ। প্রতিটি শ্রেণীর কল সেন্টারের জন্য পাঁচ হাজার টাকা লাইসেন্স ফি দিতে হবে। পাঁচ বছর পর লাইসেন্স নবায়ন করতে হবে। তবে এ জন্য কোনো ফি দিতে হবে না। কল সেন্টারগুলো গ্রাহকদের 'কল' গ্রহণ ছাড়াও 'ডাটা ও ইনফরমেশন প্রসেসিং'সহ বিভিন্ন সেবা দেবে। এর মধ্যে রয়েছে বিক্রি ও বিপণন, প্রশাসনিক সহায়তা (যেমন তথ্য সংরক্ষণ), অর্থ ও হিসাবরক্ষণ, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, আইনগত সহায়তা, মেডিকেল ট্রান্সক্রিপশন ইত্যাদি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০১৮ ঘ.