মাদারীপুর, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে নিহত স্কোয়াড্রন লিডার মোর্শেদ হাসানকে বুধবার মাদারীপুরে তার গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মঙ্গলবার টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে প্রশিক্ষণ ফায়ারিং শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক গোলযোগের কারণে মোর্শেদ হাসানের জঙ্গি বিমানটি বিধ্বস্ত হয়। সংজ্ঞাহীন অবস্থায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনার পর বিকালে তার মৃত্যু হয়।
বুধবার দুপুর ২টার দিকে মোর্শেদ হাসানের লাশ হেলিকপ্টারে করে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে আসা হয়। গ্রামের ঈদগাঁ মাঠে লাশ নামানো হলে গোটা গ্রামবাসী তাদের ছেলেকে দেখতে সেখানে ছুটে আসে। সোয়া ২টার দিকে ঈদগাঁ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মোর্শেদকে দাফন করা হয়।
জানাজায় গ্রামবাসীর সঙ্গে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ, সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্যরা অংশ নেন।
মোর্শেদ হাসানের মৃত্যুতে মাদারীপুর প্রেসক্লাব, মাদারীপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছে।
মোর্শেদ হাসানের জন্ম ১৯৭৯ সালে। কয়ারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর বিকে আইডিয়াল একাডেমি থেকে তিনি এইচএসসি পাস করেন। ১৯৯৭ সালে তিনি বিমানবাহিনীতে যোগ দেন। ১৯৯৮ সালে তিনি কমিশন পান।
মোখলেসুর রহমানের ছেলে মোর্শেদ হাসানের স্ত্রী ও দুই বছরের একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৯৫১ ঘ.
bdnews24