২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাটতি মেটাতে দেশি জাতের ধান চাষের পরামর্শ গোলটেবিল বৈঠকে

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বীজ ও জৈবসারের ব্যবহার বাড়ানোসহ কৃষি অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেওয়া হয়েছে রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে। বুধবার ব্র্যাক সেন্টারে "খাদ্য নিরাপত্তা এবং কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়ন" শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা ধানের উৎপাদন বাড়াতে দেশি বীজ বপণেরও পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 01:06 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত বীজ ও জৈবসারের ব্যবহার বাড়ানোসহ কৃষি অবকাঠামো উন্নয়নের পরামর্শ দেওয়া হয়েছে রাজধানীর একটি গোলটেবিল বৈঠকে। বুধবার ব্র্যাক সেন্টারে "খাদ্য নিরাপত্তা এবং কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়ন" শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা ধানের উৎপাদন বাড়াতে দেশি বীজ বপণেরও পরামর্শ দিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল বায়েস বলেন, "এবারের সঙ্কট থেকে আমরা দেশেই খাদ্য উৎপাদন বাড়ানোর শিক্ষা পেয়েছি। ধানের উৎপাদন বাড়ানোর জন্য উন্নত বীজ সংরক্ষণ করতে হবে। এছাড়া খাদ্যের সহজ প্রাপ্তির জন্য ইউনিয়ন পর্যায়েও গুদাম তৈরি করতে হবে।" কৃষি নির্ভর অর্থনীতির বদলে দেশে খাদ্য নির্ভর অর্থনীতি গড়ে তোলার পরামর্শ দেন তিনি। সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষণা পরিচালক উত্তম কুমার দেব বলেন, "মানসম্পন্ন বীজ ব্যবহার করে ২০ লাখ টন ধান বেশি উৎপাদন করা সম্ভব। এ কারণে বাজেটে বীজের জন্য ৫০ কোটি টাকার থোক বরাদ্দ দেওয়া যেতে পারে।" তিনি সেচ পাম্প আমদানিতে বহাল ১০ শতাংশ শুল্ক প্রত্যাহারের দাবি জানান। আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্রের (ইরি) বাংলাদেশের লিয়াজোঁ বিজ্ঞানী এম এ হামিদ জানান, বাংলাদেশে বিভিন্ন জাতের ধানের যথাযথ উৎপাদন হলে খাদ্য উদ্বৃত্ত থেকে যাবে। ভালো বীজ, সুষম চারা ও সঠিক সেচের মাধ্যমে প্রতি হেক্টরে ছয় থেকে সাত টন ধান উৎপাদন সম্ভব। গোলটেবিলে কৃষি উপদেষ্টা ড. সিএস করিম বক্তাদের পরামর্শ বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, "এ বছর থেকেই প্রতিটি উপজেলায় জৈব সার ব্যবহারের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে।" জমিতে অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের বিরোধিতা করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক আসাদুজ্জামান। তিনি বলেন, "এ ধরনের সার ব্যবহার করলে ২০ থেকে ২৫ বছর পর জমির উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায়। তাই কচুরিপানা ও গোবরসহ বিভিন্ন উপাদানে তৈরি জৈবসার ব্যবহারের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করতে হবে।" গোলটেবিল আলোচনায় ফলন বাড়াতে উন্নত বীজ সংরক্ষণের পরামর্শ দেন সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার। তিনি বলেন, "সরকারের বড় রকমের হস্তক্ষেপ ছাড়া জৈব সারের ব্যবহার বাড়ানো যাবে না। কৃষিঋণের সুদ কমাতে হবে এবং ঋণ পাওয়ার পদ্ধতি সহজ করতে হবে।" কৃষকদের ভর্তুকি দেওয়ার আহ্বান জানিয়ে আরেক সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, "৯৮ এর বন্যার পর চালের দাম বাড়েনি। চালের দাাম নিয়ন্ত্রণে রাখতে সরকার বিদেশ থেকে সেদ্ধ চাল না কিনে আতপ চাল কিনলে কম টাকায় চাল পাওয়া যেত।" উৎপাদন বাড়াতে নদী খনন করে মিঠা পানি সরবরাহ নিশ্চিত করারও পরামর্শ দেন তিনি। সাবেক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী কৃষি জমি বিক্রি বন্ধ করার পরামর্ম দেন। তিনি বলেন, "ভারতে কৃষি জমি বিক্রি বন্ধে আইন করা হয়েছে। বাংলাদেশেরও এমনটি করতে হবে।" ব্র্যাক ও সাপ্তাহিক ২০০০ আয়োজিত গোলটেবিল বৈঠকে সঞ্চালক ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। সভাপতিত্ব করেন সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মইনুল আহসান সাবের। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি অধিদপ্তরের মাঠ জরিপ পরিচালক শহীদুল ইসলাম, বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান, কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুস সাত্তার মণ্ডল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এসএনডি/এমএ/১৮৫৫ঘ.