চট্টগ্রাম, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার থেকে অপহৃত এক মসজিদের ইমামকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। অপহরণের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৭ এপ্রিল কক্সবাজার জেলা শহরের কালুর দোকান এলাকা থেকে স্থানীয় ঈদগাঁ জামে মসজিদের ইমাম আবু সৈয়দকে অপরহরণ করা হয়। মঙ্গলবার রাতে সীতাকুণ্ডের লতিফপুর এলাকার জঙ্গল থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় আবু তাহের ও মোহাম্মদ ইকরাম নামে দুই ব্যক্তিকে।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আশিকুল হক ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজারের কালুর দোকান এলাকা থেকে আবু সৈয়দকে মারধর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অপপহরণকারী দল। মঙ্গলবার তারা আবু সৈয়দের মুক্তিপণ হিসাবে দুই লাখ টাকা দাবি করে ইমামের এক ছাত্রের কাছে ফোন করে এবং সন্ধ্যার মধ্যে সে টাকা সীতাকুণ্ডের লতিফপুরে পৌঁছে দিতে বলে।"
বিষয়টি জানানো হলে গোয়েন্দা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে বলে আশিকুল হক বলেন।
তিনি আরও বলেন, "লতিফপুর এলাকার বিভিন্ন স্থানে মঙ্গলবার সন্ধ্যা থেকে অভিযান শুরু হয়। রাত ৮টার দিকে আবু তাহেরের ভাড়া করা একটি ঘর থেকে আবু সৈয়দকে উদ্ধার করা হয়। ওই সময় আবু তাহের ও মোহাম্মদ ইকরামকে গ্রেপ্তার করা হয়।"
আশিকুল হক জানান, গ্রেপ্তারকৃতরা দাবি করেছে তারা আবু সৈয়দের কাছ থেকে টাকা পাবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অপহরণের ঘটনায় আবু সৈয়দ পুলিশকে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে অপহরণের পর তাকে লাঞ্ছিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৩০২ ঘ.
bdnews24