নারায়ণগঞ্জ, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফতুল্লা থানার আলীগঞ্জের শৈলকুঁড়া এলাকায় মঙ্গলবার দুপুরে তেলের লরি থামিয়ে তেল পাচারের সময় রবিউল ইসলাম ও আসলাম (৩৫) নামে দু'জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ এর সদস্যরা এ সময় লরিতে থাকা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল, ডিজেলসহ একটি ড্রাম, তিনটি খালি ড্রাম ও ট্যাংক লরি থেকে তেল চুরির কাজে ব্যবহৃত একটি পাইপ আটক করেছে।
র্যাব-১১ এর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিদর্শক আবদুল করিম বলেন, ফতুল্লার পঞ্চবটীর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি তেলের ডিপো থেকে তেল নিয়ে শৈলকুঁড়া এলাকায় লরি থামিয়ে রবিউল ইসলাম ও আসলাম তেল চুরি করছিল। র্যাব সদস্যরা এ সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা চোরাই তেল সিন্ডিকেটের সদস্য বলে আবদুল করিম জানান।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/২২১৭ ঘ.
bdnews24