ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর ও বাগেরহাটে প্রয়োজনের তুলনায় চালের বরাদ্দ ও বিক্রয় কেন্দ্র কম বলে অনেকেই চাল পাচ্ছেন না। ইউনিয়ন পর্যায়ে ডিলার না থাকায় দূর দূরান্ত থেকে চাল নিতে এসে ফিরে যেতে হয় বেশির ভাগ মানুষকে। বরাদ্দ প্রয়োজনের তুলনায় কম বলে স্বীকার করেছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।
গাইবান্ধায় দরিদ্র ও নিু আয়ের মানুষের সহায়তায় ভ্রাম্যমাণ চাল বিক্রয় কেন্দ্র চালু করেছে ব্যাবসায়ী পুলিশিং কমিটি। চট্টগ্রাম নগরীতে সিটি করপোরেশনের উদ্যোগে খোলা বাজারে চাল কার্যক্রম উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা।
খোলাবাজারে (ওএমএস) বিক্রির জন্য বরাদ্দ চাল কালোবাজারে বিক্রির সময় ব্রাহ্মণবাড়িয়ায় ডিলারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সংখ্যানুপাতে ন্যায্য মূল্যের চালের পরিমাণ ও কেন্দ্রের সংখ্যা অনেক কম হওয়ায় কয়েক হাজার মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে মেঘনার চরাঞ্চলের অভাবি মানুষ খোলাবাজারের চাল পাচ্ছেন না।
চাঁদপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুরের আটটি উপজেলায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে ওএমএস কার্যক্রম শুরু হয়। সে সময় ডিলারের সংখ্যা ছিল ২২ জন। পরে ১ এপ্রিল থেকে তা বাড়িয়ে ৬৭ জন করা হয়। এর মধ্যে প্রতিটি উপজেলায় সাতজন করে এবং পাঁচটি পৌর এলাকায় ১১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়।
ডিলাররা গত এক সপ্তাহে ৯৮৩ মেট্রিকটন চাল বিক্রি করেছেন, যার সুবিধা পেয়েছে মাত্র ৪৫ হাজার পরিবার। অথচ চাঁদপুরের ১৮টি চরেই রয়েছে প্রায় একলাখ দরিদ্র পরিবার। কিন্তু চর এলাকায় ডিলার নিয়োগের ব্যবস্থা না থাকায় চরের লোকজন এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
এ ব্যাপারে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মোস্তফা সরকার বলেন, "সরকার এখনো ইউনিয়ন পর্যায়ে ওএমএস কার্যক্রম চালু করেনি। ফলে ওইসব চরের অভাবি মানুষরা বঞ্চিত হচ্ছে।"
হাইমচরের উপগেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাওগাতুল আলম জানান, সরকারি নিয়মানুযায়ী ওএমএস'র চাল দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট বরাদ্দ ও স্থান অনুযায়ী সবাইকে চাল দেওয়া যাচ্ছে না। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
ইউনিয়ন পর্যায়ে এর কার্যক্রম বাড়ানো হলে তার উপজেলার কয়েক হাজার চরবাসী উপকৃত হবে বলে জানান তিনি।
হাইমচরের আলগী বাজার সোনালী ব্যাংক সংলগ্ন কেন্দ্রে ওএমএস'র চাল কিনতে আসা বৃদ্ধা রহিমা বেগম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফজরের নামাজ পইড়া আইছি চাইলের লি
bdnews24