২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থদের সহায়তায় ১০০ কোটি টাকার বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার

গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হতদরিদ্রদের আয়ের বন্দোবস্ত করতে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের মাধ্যমে বিশেষ এ কর্মসূচির আওতায় ১০০ কোটিরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে এ মাসেই। >>যেসব জেলায় কর্মসূচি গ্রহণ করা হবে-

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 12:32 PM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ জনপদে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে হতদরিদ্রদের আয়ের বন্দোবস্ত করতে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। কাজের বিনিময় টাকা (কাবিটা) প্রকল্পের মাধ্যমে বিশেষ এ কর্মসূচির আওতায় ১০০ কোটিরও বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হচ্ছে এ মাসেই। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন। তবে ভিজিএফ ও ভিজিডি কার্ডধারীরা এ বিশেষ কর্মসূচির সুবিধা পাবেন না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান। ভারপ্রাপ্ত সচিব বলেন, "কাজের বিনিময়ে টাকা প্রকল্পের মাধ্যমে বিশেষ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় ১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হবে। এ মাসের মধ্যেই এ বিশেষ কর্মসূচি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।" দুস্থ মানুষদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য এ কর্মসূচি নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে প্রকল্প তৈরি করে এই বিশেষ বরাদ্দের টাকা ব্যয় করা হবে। মোল্লা ওয়াহিদুজ্জামান জানান, ইউএনও'র নেতৃত্বে গঠিত কমিটি সংশ্লিষ্ট উপজেলার প্রকৃত দরিদ্রদের চিহ্নিত করে তাদের কর্মসংস্থান সৃষ্টি করবে। দরিদ্রদের চিহ্নিত করার ক্ষেত্রে কমিটি স্থানীয় ইউনিয়ন পরিষদের সহায়তা নেবে। তিনি বলেন, "কাবিটার আওতায় এর আগে বাস্তবায়িত প্রকল্পের রক্ষণাবেক্ষণ, বাঁধ ও রাস্তা মেরামত, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জমিতে নালা-খাল খনন ও সংস্কার, নর্দমা খনন ও সংস্কার, বৃক্ষরোপণ, কচুরিপানা পরিষ্কার ও সাঁকো নির্মাণ এবং জনস্বাস্থ্য ও পরিবেশ উন্নয়নের জন্য প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।" এ কর্মসূচির বরাদ্দ দিয়ে কোনোভাবেই পাকা রাস্তা নির্মাণ ও মেরামত করা যাবে না বলে ওয়াহিদুজ্জামান জানান। ভারপ্রাপ্ত সচিব বলেন, "এ কর্মসূচির আওতায় গৃহীত প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য প্রত্যেক বিভাগীয় কমিশনারকে তার অধীন জেলা পরিদর্শনের সময় কমপক্ষে পাঁচ থেকে ছয়টি প্রকল্প পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকেও পরিদর্শন টিম গঠন করে প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে দেখা হবে।" মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভিজিএফ ও ভিজিডি কার্ডধারীরা এ বিশেষ কর্মসূচির সুবিধা পাবেন না। জেলা প্রশাসকরা নিজ নিজ জেলার প্রতিটি উপজেলার জনসংখ্যা ও দুস্থতার ভিত্তিতে এ বিশেষ বরাদ্দ দেবেন। এ বরাদ্দের আওতায় একজন শ্রমিক দৈনিক ১৫০ টাকা হারে মজুরি পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এনএ/এফএফ/এমআই/১৮৩২ ঘ.