ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও চাঁদপুরে মঙ্গলবার তিনটি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড গুল আহমদ জুট মিল সংলগ্ন রেল লাইন থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদী থেকে উদ্ধার করা হয় দুই তরুণের লাশ।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, নিহত শ্রমিকের নাম- শাহাবুদ্দিন (৪০)। তিনি মিল থেকে সোমবার গভীর রাতে কাজ শেষে বাসায় ফেরার সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১২টার দিকে কাজ শেষ করে মিল সংলগ্ন বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা শাহাবুদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে রেল লাইনে ফেলে রেখে যায়। মিলের অন্য শ্রমিকরা মঙ্গলবার ভোরবেলা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
তিনি জানান, সকাল সাড়ে নয়টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে। শাহাবুদ্দিনের গলায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়েছে।
চাঁদপুর প্রতিনিধি জানান, মেঘনা নদী থেকে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। মাওয়া এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় তারা মারা গেছেন বলে পুলিশ ধারণা করছে।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েকদিন আগে ওই স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছিল। লাশ ভাসতে ভাসতে মেঘনায় চলে আসতে পারে। খোঁজ নিতে কয়েক ব্যক্তি থানায় এসেছেন। তবে লাশ সনাক্ত করতে পারেননি।
তিনি জানান, সোমবার রাতে উপজেলার কাটাখালি মোড় এলাকায় স্থানীয় লোকজন মেঘনা নদীতে দুটি লাশ ভাসতে দেখেন। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএসবি/১৭২৫ ঘ.
bdnews24