ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্র ক্ষমতা নেওয়ার কোনও অভিপ্রায় সেনাবাহিনীর নেই বলে আবারও জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। নির্বাচনী রোডম্যাপের পথে ছোটখাটো কিছু সমস্যা রয়ে গেছে মন্তব্য করে তিনি বলেছেন, রোডম্যাপের কোনও বিচ্যুতি এখনও তার চোখে ধরা পড়ছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য সেনাপ্রধান দেশের মানুষের মজুদ করার প্রবণতাকেও দায়ী করেন।
চাকরির মেয়াদ আরও এক বছরে বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণার দুই দিন পর মঙ্গলবার সেনা সদর দপ্তরে সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে জেনারেল মইন জরুরি অবস্থা জারির পর গত ১৫ মাসের অভিজ্ঞতা তুলে ধরেন।
বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের সময় তিনি নির্বাচনের সম্ভাব্য তারিখ থেকে শুরু করে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, দুদফা বন্যা ও সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, দুর্নীতিবিরোধী অভিযান, চট্টগ্রাম বন্দর, নিরাশ্রয় মানুষের আশ্রয়নে সেনাবাহিনীর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
দেশে বর্তমানে আপনার হাতেই প্রকৃত ক্ষমতা- এক সম্পাদক এ কথা বললে তার পরিপ্রেক্ষিতে মইন উ আহমেদ বলেন, "আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, আমার হাতে কোনও ক্ষমতা নেই।"
পাকিস্তান, থাইল্যান্ডসহ প্রতিবেশী কয়েকটি দেশে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখল করেছে এবং বাংলাদেশেও এর আগে তা হয়েছে- বিষয়টি তোলা হলে সেনাপ্রধান বলেন, "পাকিস্তান কিংবা থাইল্যান্ড তো নয়ই, আমরা আমাদের পূর্বসূরিদেরও অনুসরণ করব না।"
তিনি বলেন, "আমরা সরকারের অধীনস্ত। সমাজে সামরিকীকরণ হয়- এমন কোনও পদক্ষেপ আমরা নেব না।"
এক জন সরকারি কর্মচারী কখনও রাজনৈতিক বক্তব্য দিতে পারেন না- এ জন সম্পাদক এ কথা বললে সেনাপ্রধান বলেন, "আমি কখনও রাজনৈতিক বক্তব্য দিই না। দেশকে ভালবাসি বলে মাঝে মাঝে কিছু কথা বলি। এ বিষয়ে আমি অত্যন্ত সতর্ক। যদি অগোচরে কখনও এ ধরনের কিছু হয়, তা অনিচ্ছাকৃত।"
নির্বাচন রোডম্যাপ বাস্তবায়নে ক্ষেত্রে কিছু ছোট-খাটো বাধা আছে মন্তব্য করে তিনি বলেন, "নির্বাচনের রোডম্যাপ আছে। আর তা থেকে কোনও বিচ্যুতি আমি এখনও দেখছি না।"
নির্বাচনে অনিশ্চয়তা নিয়ে গুজবের বিষয়টি সম্পাদকরা তুললে জেনারেল মইন বলেন, "অনুগ্রহ করে ৩১ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করুন। কেন ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না? আমাদের এই সময় মিস করার সুযোগ নেই।"
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়ে তিনি বলেন, "বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও ক্রেতা-বিক্রেতাসহ সবার খাদ্য দ্রব্য মজুদ করার প্রবণতাও মূল্যবৃদ্ধির কারণ।"
বিশ্বব্যাপী খাদ্য সঙ্কটের এ সময়ে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জেনারেল মইন বলেন, "সঙ্কট নিরসনে আমাদের উৎপাদন বাড়ানোর কোনও বিকল্প নেই।"
তিনি জানান, চলতি মৌসুমে সেনাবাহিনীর সহায়তায় অতিরিক্ত ৩ লাখ ৪২ হাজার ৯৯৩ একর জমিতে বোরোর আবাদ হয়েছে। এতে অতিরিক্ত ২২ লাখ টন ধান হবে। একই প্রক্রিয়ায় আরও দুটি ফসল বোনা হয়েছে, যাতেও অতিরিক্ত ফলন হবে।
ভাতের বদলে আলু খাওয়ার বিষয়ে তার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে সেনাপ্রধান বলেন, "আমি কখনও ভাতের বদলে আলু খাওয়ার কথা বলিনি। আমি ভাতের সঙ্গে আলু খেতে বলেছি।"
'ভাতের সঙ্গে আলু খান'- এ স্লোগান সেনাবাহিনীতে চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, সেনা সদস্যরা এখন প্রতিদিন ১১৩ গ্রাম করে আলু খাচ্ছে।
সম্পাদকদের সঙ্গে সেনাপ্রধানের মধ্যাহ্ন ভোজে খাদ্য তালিকায়ও ছিল আলুর আধিক্য। এতে আলুর তৈরি ছয়/সাত ধরনের খাবার পরিবেশন করা হয়।
নিজের ভারত সফরের প্রসঙ্গে জেনারেল মইন বলেন, "চীন ও পাকিস্তান থেকেও আমার এ ধরনের আমন্ত্রণ রয়েছে।"
নিরাপত্তা কাউন্সিল প্রতিষ্ঠার বিষয়ে ১৯৯৬ সালের একটি প্রজ্ঞাপনের কথা তুলে ধরে সেনাপ্রধান জানান, ২৩ সদস্যের একটি সিকিউরিটি কাউন্সিল অস্তিত্বশীল। সেখানে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, বিরোধী দলীয় প্রধানসহ সামরিক বাহিনীর প্রতিনিধি থাকতে পারে।
চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, "সেখানে সেনাবাহিনী দায়িত্ব নেওয়ার পর বন্দরের টার্নওভার তিন দিনেই হতো। আমরা দায়িত্ব ছাড়ার পর তা আবার সাত দিনে গিয়ে ঠেকেছে।"
"সেনাবাহিনী তো সেখানে সব সময় থাকবে না, তাই কাজটি তিন দিনেই যেন হয় সে ব্যবস্থা নিতে হবে", বলেন তিনি।
বিদ্যুৎ সাশ্রয়ে এনার্জি সেভার বাল্ব ব্যবহারের পক্ষে মত দেন সেনাপ্রধান।
বগুড়ার সেনাবাহিনী পরিচালিত একটি পাইলট প্রকল্পের চিত্র তুলে ধরে তিনি বলেন, "এনার্জি সেভার বাল্ব ব্যবহারে ৬০০ থেকে ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।"
মইন উ আহমেদ সেনা নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী অভিযানের বিভিন্ন বিষয় সম্পাদকদের কাছে তুলে ধরেন।
সেনা প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেন্ট সম্পাদক মাহবুবুল আলম, ইত্তেফাক সম্পাদক রাহাত খান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক আতাউস সামাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সমকাল সম্পাদক আবেদ খান, অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এনায়েতুল্লাহ খান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, বিটিভির মহাপরিচালক কামাল উদ্দিন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ নেশন সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, চ্যানেল আইয়ের বার্তা বিভাগের প্রধান শাইখ সিরাজ, এটিএন বাংলার বার্তা বিভাগের প্রধান মঞ্জুরুল আহসান বুলবুল, চ্যানেল ওয়ানের বার্তা বিভাগের প্রধান নাজমুল আশরাফ প্রমুখ।
চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনা ইবনে জামালী, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল গোলাম মোহাম্মদসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ওই সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআইকে/এমআই/জিএনএ/১৭৪৭ ঘ.
bdnews24