সিলেট, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। সোমবার মেডিকেল ও পুলিশ প্রশাসন এবং সাংবাদিক নেতাদের মধ্যে বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার করে মঙ্গলবার থেকে চিকিৎসকদের কাজে যোগদানের সমঝোতা হয়।
এক রোগীর স্বজনের সঙ্গে তর্কের জেরে অপ্রীতিকর ঘটনা পর শনিবার রাত থেকে ইন্টার্নি কর্মবিরতি পালন করছিলেন। পরে চিকিৎসকরা সাংবাদিকদের সঙ্গেও বিরোধে জড়িয়ে পড়েন।
সিলেট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "সোমবার বিকেলে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল হোসেনের সভাপতিত্বে মেডিকেল প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রেসক্লাব নেতাদের মধ্যে এক সমঝোতা বৈঠকে ইন্টার্নি চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সৃষ্ট ঘটনার জন্য হাসপাতালের পরিচালক দুঃখ প্রকাশ করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২২৩৬ ঘ.
bdnews24