২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিবিয়ানা ও সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন পিছিয়ে গেছে

দরপত্রের কাগজপত্র পরীক্ষা ও মূল্যায়নে দেরি হওয়ায় বেসরকারি মালিকানায় বিবিয়ানা ও সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়া পিছিয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপত্রের কাগজপত্র পরীক্ষা ও মূল্যায়নে দেরি হওয়ায় বেসরকারি মালিকানায় বিবিয়ানা ও সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রক্রিয়া পিছিয়ে গেছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে থাকা পাওয়ার সেল এর কর্মকর্তারা এখন অক্টোবর নাগাদ চূড়ান্ত চুক্তি হওয়ার আশা করছেন। এর আগে জুলাই নাগাদ চুক্তি হওয়ার কথা ছিল। পাওয়ার সেলের মহাপরিচালক আবদুল জলিল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চুক্তি সম্পাদন প্রক্রিয়া একটু পিছিয়ে গেছে। সেপ্টেম্বর নাগাদ বিবিয়ানা এবং অক্টোবরের মধ্যে সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের চূড়ান্ত চুক্তি হতে পারে। দরপত্রের কাগজপত্র (বিড ডকুমেন্ট) পরীক্ষা ও মূল্যায়নের কাজ এখনো চলছে।" তিনি বলেন, "সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের প্রাক-দরপত্র আলোচনার জন্য প্রয়োজনীয় নথিপত্র ২০ এপ্রিলের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর মাসখানেকের মধ্যে প্রাক দরপত্র আলোচনা হবে।" সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের জন্য মার্চে প্রাক দরপত্র আলোচনা এবং জুলাই নাগাদ সব প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত চুক্তি করার প্রস্তুতি নিয়েছিল পাওয়ার সেল। পাওয়ার সেলের কর্মকর্তারা জানিয়েছেন, বিবিয়ানায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানগুলোকে ১৫ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত প্রস্তাব দিতে বলা হয়েছে। বিবিয়ানা ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে প্রাক-বাছাইয়ে মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো, কোরিয়ান ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (দক্ষিণ কোরিয়া), এইএস করপোরেশন (যুক্তরাষ্ট্র), পাওয়াটেক বেরহাড (মালয়েশিয়া), শেভরন করপোরেশন (যুক্তরাষ্ট্র)। সিরাজগঞ্জ ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রাক-বাছাইয়ে মনোনীত হয়েছে এইএস করপোরেশন (যুক্তরাষ্ট্র), পাওয়ারটেক বেরহাড (মালয়েশিয়া) ও কোরিয়া ইলেকট্রিক পাওয়ার করপোরেশন (দক্ষিণ কোরিয়া)। বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম/এমআরএফ/টিএইচ/এসএনডি/২০৫০ ঘ.