ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি সরকার বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি বলে জানিয়েছেন দেশটির শ্রম উপমন্ত্রী আহমেদ আব্দুলরহম আল-মনসুর।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ইফতেখার আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান সৌদি উপমন্ত্রী।
তিনি বলেন, "সৌদি আরব বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি। বরং বিভিন্ন দেশ থেকে আসা কর্মীদের সংখ্যার মধ্যে ভারসাম্য রাখতে শ্রম আইনকে আধুনিক ও যৌক্তিক করার ব্যাপারে কাজ করছি আমরা।"
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশী কর্মীরা সৌদি আরবে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।
দু'দিনের বাংলাদেশ-সৌদি আরব যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে সোমবার বাংলাদেশে এসেছেন আহমেদ আব্দুলরহম আল-মনসুর। সরকারের বহিঃসম্পর্ক বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ৮ এপ্রিল বৈঠক শেষ হবে।
দু'দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে বাংলাদেশ ও সৌদি সরকার আলোচনার মাধ্যমেই তার সমাধান করবে বলে জানান আল-মনসুর।
সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এম আল ওবাইদ আল-নামলা সাংবাদিকদের জানান, রোববার থেকে বাংলাদেশী কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে তার দূতাবাস। রাষ্ট্রদূত বলেন কোনো নিষেধাজ্ঞার কারণে নয়, বরং কারিগরি ত্র"টির কারণেই ভিসা দেওয়া বন্ধ ছিল।
এ বছর মার্চে সৌদি শ্রমমন্ত্রী ঘাজি আল-কিউসিবির বরাত দিয়ে সরকারি মালিকানাধীন সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, গৃহ ও কৃষি কাজে বাংলাদেশী কর্মী নেবে না সৌদি সরকার। বিভিন্ন দেশের শ্রমিকদের সংখ্যার সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা।
সৌদি দূতাবাসের হিসাবে বর্তমানে সৌদি আরবে কর্মরত বাংলাদেশীর সংখ্যা ১৭ লাখ ৬৫ হাজার। গত বছর দুই লাখ ২০ হাজার বাংলাদেশী কর্মী সৌদি আরব গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/১৮৫৯ঘ.
bdnews24