ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আবারও সংশয় প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সোমবার বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলমের অনুমতি নিয়ে নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় কারাবন্দী শেখ হাসিনা এ সংশয় প্রকাশ করেন।
এদিন ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় হাসিনাকে আদালতে হাজির করা হয়।
শেখ হাসিনা বলেন, "দেশ যেভাবে চলছে তাতে ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে না।"
সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, "চাকরির মেয়াদ বাড়িয়েছে বাড়াক। আর কত বাড়াবে? সব কিছুরই একটা শেষ আছে।"
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে হাসিনা বলেন, "চাল আমদানির কথা নয়, রপ্তানি করার কথা। আওয়ামী লীগ সরকারের সময় দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। এখন দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস উঠেছে। চাল নিয়ে মানুষ চুলাচুলি পর্যন্ত করছে। দেশের এ অবস্থা দেখে কষ্ট হয়।"
তিনি আরও বলেন, "আমাকে শাস্তি দিয়েও যদি চালের দাম কমাতে পারে তবে দিক । আমি তা মেনে নেব।"
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, "দেশের বর্তমান সংকট মোকাবেলার দক্ষতা এ সরকারের নেই। বিদ্যুৎ খাতে কোনো উন্নয়ন এরা করতে পারেনি।"
আওয়ামী লীগ সরকার আর পাঁচ বছর ক্ষমতায় থাকলে ৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতো দাবি করে শেখ হাসিনা বলেন, "দেশের চাহিদা মেটানোর পরেও এক হাজার মেগাওয়াট উদ্বৃত্ত থাকতো। সেটা রপ্তানিও করা যেতো।"
তিনি বলেন,"ঘুষ বা দুর্নীতি না করেই ড. ইউনূসকে গ্রামীণ ফোনের লাইসেন্স দিয়েছি। এ জন্য এক কাপ চা-ও খাইনি। একইভাবে জহির উদ্দিনকেও একটেলের লাইসেন্স দেওয়া হয়েছে।"
নিজের আইনজীবীদের উদ্দেশ করে হাসিনা বলেন, "কষ্ট করে শুনানি করছে কেন? রায়তো তৈরিই আছে।"
নিজের নির্দোষিতা দাবি ও বিচার প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করে 'রায় তৈরি হয়ে আছে' -এ মন্তব্য এর আগেও করেছেন কারাবন্দী শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/এসকে/১৮২৬ঘ.
bdnews24