চট্টগ্রাম, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাউজান উপজেলার মহালদার পাড়া থেকে সোমবার ভোরে পরিত্যক্ত অবস্থায় একটি একে-৪৭ রাইফেল ও এর ৯৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সহকারী পুলিশ সুপার শেখ শরীফুল ইসলাম জানান, মহালদার পাড়ার একটি ইটভাটায় সন্ত্রাসীরা অবস্থান করছে- এ খবর পেয়ে র্যাব সদস্যরা ভোর পাঁচটার দিকে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, র্যাব সদস্যরা ইটভাটা থেকে ৯৯ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিনসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৬৫১ ঘ.
bdnews24