২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে গণপিটুনিতে ৪ ডাকাত নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় সোমবার ভোররাতে গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়েছে। রাত আড়াইটার দিকে কচুয়ার সিংআড্ডা গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 06:45 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

চাঁদপুর, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় সোমবার ভোররাতে গণপিটুনিতে চার ডাকাত নিহত হয়েছে। রাত আড়াইটার দিকে কচুয়ার সিংআড্ডা গ্রামে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফরম ডটকমকে বলেন, "রাত আড়াইটার দিকে এক দল ডাকাত সিংআড্ডা গ্রামে পাঠানবাড়িতে হানা দেয়। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী ছুটে আসে। তখন ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। তবে চার ডাকাতকে গ্রামবাসী ধরে ফেলে।" তিনি জানান, গ্রামবাসীর মারধরে আটক চার ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। তাৎক্ষণিকভাবে ডাকাতদের পরিচয় না মিললেও তাদের একজনের পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। তাতে নাম লেখা রয়েছে- আবদুল হান্নান, বাড়ির ঠিকানা- কুমিল্লার বুড়িচং উপজেলার বিজয়পাড়া গ্রাম। নিহত চার ডাকাতের বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। ধারণা করা হচ্ছে এরা সবাই আন্তজেলা ডাকাত দলের সদস্য। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আমিনুল ইসলাম জানান, ডাকাতদের ব্যবহৃত ১২টি অস্ত্র উদ্ধার করে। এগুলোর মধ্যে আছে- একটি রামদা, ১০টি ছোরা ও একটি চাপাতি। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, ডাকাতদের হামলায় পাঁচজন আহত হয়েছেন। এরা হলেন- তাছলিমা, আঙ্কুরি, রোকসানা, আইনবী ও কুলসুমা। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পাঠান বাড়ির গৃহকর্তা আরব আলী, ডাকাতদের হামলায় আহত লোকজন এবং সিংআড্ডা বাজার কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাকির হোসেন হিরু বিডিনিউজ টোয়েন্টিফরম ডটকমকে জানান, রোববার রাত ২টায় দুইটি মাইক্রোযোগে ২০/২৫ সদস্যের একদল ডাকাত পুলিশের পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। কিন্তু আরব আলী না খুললে ডাকাতরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে ঘরের সবাইকে জিম্মি ও মারধর করে বিভিন্ন ঘর থেকে মালামাল নিয়ে বের হওয়ার পর বাড়ির লোকজনের চিৎকার শুরু করে। কমিউনিটি পুলিশ সদস্যরা মসজিদের মাইকে ডাকাতির কথা প্রচার করলে আশপাশের গ্রামের লোকজন ছুটে এসে ডাকাতদের ঘেরাও করে ফেলে। উপায় না দিকে তারা বেশ কয়েকটি হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মাইক্রোবাস নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় চার ডাকাতকে ধরে ফেলে গণপিটুনি দেয় লোকজন। ঘটনাস্থলেই চার ডাকাত নিহত হয়। বাকিরা পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/১৬০৫ ঘ.