খুলনা, এপ্রিল ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের সামরিক বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফকে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের মামলায় রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। কারা অন্তরীণ সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় সাক্ষ্য দিয়ে বাসায় ফেরার সময় স্টেডিয়াম মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে লিয়াকত শরীফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এদিন লিয়াকত আলী শরীফের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলাটি করেন নগরীর সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা এস এম শাহজাহানের ছেলে শামীম পারভেজ।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এস এম আনোয়ার হোসেন মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, সিটি করপোরেশনে মাস্টার রোলে চাকরি দেওয়ার কথা বলে প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ নগরীর গত বছর ১৯ সেপ্টেম্বর শামীম পারভেজের কাছে ৫০ হাজার টাকা দাবি করেন।
ওই বছর ১০ অক্টোবর শামীম হাজী মহসিন রোডে সিটি করপোরেশনের অফিসার্স কোয়ার্টারের বাসায় লিয়াকত শরীফের হাতে টাকা দিয়ে আসেন। টাকা নেওয়ার পর চাকরির ব্যবস্থা না করে সময়ক্ষেপণ করতে থাকেন লিয়াকত শরীফ।
এক পর্যায়ে শামীম তার টাকা ফেরত চাইলে লিয়াকত শরীফ তাকে চাঁদাবাজ হিসেবে পুলিশের ধরিয়ে দেওয়ার হুমকি দেন।
মিউনিসিপ্যাল সার্ভিস প্রজেক্টের (এমএসপি) ৪৪ লাখ ৫৬ হাজার ১৬৩ টাকা আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর প্রধান প্রকৌশলী লিয়াকত আলী শরীফ সাময়িক বরখাস্ত হন। একই অভিযোগে মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্য দিতে গিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৬ ঘ.
bdnews24