২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে আওয়ামী লীগের গণস্বাক্ষর অভিযান শুরু

দলীয় প্রধান শেখ হাসিনার মুক্তি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, জরুরি আইন প্রত্যাহার ও আগে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষকালব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 09:20 AM

Updated : 26 Apr 2022, 01:09 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলীয় প্রধান শেখ হাসিনার মুক্তি, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, জরুরি আইন প্রত্যাহার ও আগে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষকালব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। কর্মসূচীর উদ্বোধন করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান নেতা-কর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, "প্রয়োজনে আরো কঠিন ও কঠোর আন্দোলন হয়তো আমাদের করতে হতে পারে।" রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মালটিপারপাস মিলনায়তনে শনিবার দুপুরে প্রথম স্বাক্ষর করে এই গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করেন জিল্লুর রহমান। ঢাকা মহানগর আওয়ামী লীগ দশ লাখ স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ নিয়ে এ অভিযান শুরু করেছে । দু'সপ্তাহের এই কর্মসূচী শেষে দলের দাবি সম্বলিত গণস্বাক্ষর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জিল্লুর রহমান বলেন, "দেশের সার্বিক অবস্থা অত্যন্ত সঙ্কটময়। এই অবস্থা থেকে শেখ হাসিনাই আমাদের উদ্ধার করতে পারেন। তিনি জানেন কিভাবে সংকট থেকে দেশকে মুক্ত করতে হয়।" ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "সরকার যদি মনে করে, অত্যাচার করে তিলে তিলে নেত্রীকে শেষ করে দেবে তা হবে না। সত্যের জয় অনিবার্য।" জনগণকে সম্পৃক্ত করার মতো কর্মসূচি দেওয়ার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমির হোসেন আমু বলেন, "কর্মসূচি যখন নিয়েছেন তখন তা সফল করতেই হবে। প্রতিটি ঘরে এই কর্মসূচি নিয়ে গেলে তা মানুষের হৃদয় স্পর্শ করবেই। সংগঠনের ভিত শক্ত হবে।" তিনি বলেন, "আমরা শুধু নেত্রীকে ফিরেই পাবো না। তার নেতৃত্বেই ক্ষমতায় যাবো।" সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক ও তোফায়েল আহমদ তত্ত্বাবধায়ক সরকারের প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, শেখ হাসিনাকে মুক্তি না দিলে এবং নির্বাচন পিছিয়ে দিলে "দূর্বার আন্দোলন" গড়ে তোলা হবে। সরকার খাদ্য সংকট নিয়ে "উদ্ভট কথাবার্তা" বলে সমস্যাকে আরো সঙ্কটময় করছে বলে মন্তব্য করেন সভাপতিমন্ডলীর আরেক সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি আরও বলেন,"আমরা দেশকে সংঘাত ও সংঘর্ষের দিকে নিতে চাই না। আদালতের জামিন দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আদালতের ক্ষমতা কেড়ে নিলে ন্যায়বিচার হয় না।" ট্রুথ কমিশনের মাধ্যমে অপরাধীদের মুক্তি দেওয়া আইনসম্মত নয় বলে মন্তব্য করেন সুরঞ্জিত। প্রথমে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে সুরঞ্জিত বলেন, "অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন। সবাই মিলে জাতীয় সরকার করা যেতে পারে। তবে তা হবে শুধু জাতীয় নির্বাচনের পর।" দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম কর্মসূচির প্রতি কেন্দ্রীয় শাখার পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করে বলেন, "প্রয়োজন হলে সারা দেশে আওয়ামী লীগ গণস্বাক্ষর অভিযান চালাবে।" ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৫০৫ঘ.