সিরাজগঞ্জ, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজায় বৈদ্যুতিক ক্রুটির কারণে কম্পিউটার অপারেটিং সিস্টেম বিকল হয়ে পড়ায় সেতুর এক লাইনে পারাপার বুধবার প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল।
এর ফলে উত্তরাঞ্চল থেকে আসা গাড়িগুলোর জট লেগে যায় সেতুর পশ্চিম পাড়ে। তবে ঢাকা থেকে যাওয়া গাড়িগুলোর ক্ষেত্রে এ ঘটনা কোনও প্রভাব ফেলেনি।
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, দুপুর সোয়া ১টার দিকে হাই ভোল্টেজের কারণে টোল প্লাজার কম্পিউটার সিস্টেমের সার্কিট ব্রেকার পুড়ে যাওয়ায় পুরো সিস্টেম অচল হয়ে পড়ে। তখন দেড় ঘণ্টাকাল এক লাইনে অর্থাৎ উত্তরাঞ্চল থেকে আসা গাড়ি পারাপার বন্ধ থাকে।
সেতু কর্তৃপক্ষ'র সহকারী প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন ও উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ম্যানুয়েল সিস্টেমে পরে টোল প্লাজার একটি গেট দিয়ে গাড়ি পারাপার শুরু হয়।
সন্ধ্যায় এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত একটি গেটেই গাড়ি পারাপার চলছিল। বাকি তিনটি গেট চালু করা সম্ভব হয়নি।
তিনটি গেটের স্থলে একটি গেট সচল থাকায় সেতুর পশ্চিম প্রান্তে যানজট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২৩ ঘ.
bdnews24