ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্বাসন কার্যক্রম শুরু হওয়ার কারণে সিডর দুর্গতদের জন্য জরুরি খাদ্য সহায়তা কার্যক্রমের মেয়াদ ফুরিয়ে আসছে। ষাট বছরের সম্বলহীন শহর বানু উদ্বিগ্ন। নভেম্বরের সিডরে আরও অনেকের মতো সহায়-সম্বল হারিয়ে তিনিও এখন নিঃস্ব। "খাদ্য দেওয়া বন্ধ হলে আমি বাঁচবো কীভাবে"- জাতিসংঘের প্রতিনিধির কাছে করুণ স্বরে এই উদ্বেগের কথা জানালেন বৃদ্ধা।
শহর বানুর কোনো ছেলে নেই, এ সমাজে তার মতো মানুষের টিকে থাকার জন্য যা অপরিহার্য অবলম্বন। তার মেয়ে আছে তবে সবারই বিয়ে হয়ে গেছে। তারপরও মেয়েরা তার দেখাশোনা করে। শহর বানু জানালেন, মেয়েরা নিজেদের জন্যই ঠিকভাবে খাবার যোগাড় করতে পারে না।
বাংলাদেশে সিডর আক্রান্তদের অবস্থা পরিদর্শনে এসেছেন রোমে জাতিসংঘ সংস্থাগুলোর জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গাদি ভাসকেজ। বাগেরহাটে সহায়তা কার্যক্রম দেখে তিনি করে সন্তোষ জানান।
বৃদ্ধার উদ্বেগের জবাবে ভাসকেজ বলেন, "আমি জানি আপনাদের কাজের সুযোগ কম। সমস্যা মোকবেলার চ্যালেঞ্জ কতটা কঠিন তা আমি ঠিকই অনুধাবন করছি।" রোমে সহকর্মীদের কাছে এই পরিস্থিতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন বলে জানান তিনি।
বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া ইউনিয়নে শহর বানুর মতো আরও অনেক ভূমিহীন ও অসহায় নারী এসে ভিড় করেছিল জাতিসংঘের এ প্রতিনিধির কাছে নিজেদের দুর্দশার কথা বলতে। তারা জানেন এ সাহায্য সবসময়ের জন্য নয়, আর তাই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য তারা কাজ চান।
সিডর বিধ্বস্ত এই এলাকায় এখন কাজের বড়ই অভাব। গুলশিখালী গ্রামের ঘূর্ণিদুর্গত ফাতেমা (২০) জানালেন, যারা দিন মজুর, বা যারা অবস্থাপন্নদের বাড়িতে কাজ করতো তারা এখন বেকার। এখনাকার ধনী-গরিব সবার অবস্থাই এখন সমান।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এ শ্রেণীর মানুষরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। বেশিরভাগই আধ বেলা-এক বেলা খেয়ে দিন কাটাচ্ছেন। ঘরহারাদের কেউ কেউ সাহায্যের অর্থ দিয়ে কয়েকটি টিন কিনে সামান্য ছাউনি তৈরি করতে পারলেও বাকিদের খাবার কিনতেই খরচ হয়ে যায় পুরোটা। আর্থিক দুরাবস্থার এই চিত্র তুলে ধরে লোকমান হোসেন গাজী জানালেন, এ দুর্মূল্যের বাজারে সাহায্যের অর্থের পরিমাণ যথেষ্ট নয়।
যুক্তরাষ্ট্রের উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি'র আর্থিক সহায়তায় ডব্লিউএফপি ও কেয়ার বাগেরহাটের ৯টি উপজেলার ৬৯ হাজার পরিবারকে খাদ্য সাহায্য দিচ্ছে। এর মধ্যে মোড়েলগঞ্জের ১৭ হাজার পরিবারের মধ্যে জীবিকায়ন কর্মসূচি (লাইভলিহুড প্রোগ্রাম) ও বাসস্থান কর্মসূচির (শেল্টার প্রোগ্রাম) মাধ্যমে সহায়তা দিচ্ছে কেয়ার। জীবিকায়ন কর্মসূচির আওতায় গৃহ নির্মাণ, কর্মসংস্থান ও নৌকা-জাল কেনার জন্য অর্থ সাহায্য দেওয়া হচ্ছে। আর বাসস্থান কর্মসূচির আওতায় ১২০০ আধা-পাকা ঘর তৈরি করছে কেয়ার যার প্রতিটির নির্মাণ ব্যয় ১২০০ ডলার।
স্থানীয় কেয়ার কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, "এটা পর্যাপ্ত নয়, সত্যি কথা বলতে, যেটুকু দরকার তার ভগ্নাংশ পরিমাণ এটা। আর আমাদের সম্পদও খুব বেশি নেই।"
এসব দুস্থ নারী সঙ্গে আলোচনার পর কেয়ার কর্মকর্তারা চারটি বিষয় গুরুত্ব দেওয়ার কথা ভাবছেন- জীবিকা অর্জনের পথ নিশ্চিত না হওয়া পর্যন্ত খাদ্য সাহায্য চালিয়ে যাওয়া, কর্মসংস্থান সৃষ্টি, বর্ষা পুরোপুরি আসার আগেই গৃহহীনদের জন্য আশ্রয় তৈরি এবং ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।
সপ্তাহ খানেক আগে আবার ঝড় দেখা দেওয়ায় সিডর আতঙ্ক ভর করেছিল ফাতেমার মনে। তিনি বলেন, প্রচণ্ড বাতাস ছিল সে রাতে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আশেপাশে কোনো আশ্রয়কেন্দ্রও ছিল না। দুর্যোগের চার মাস পর মাথার ওপর একটি ছাদের ব্যবস্থা করাই এখন আমাদের মূল চিন্তা।
দুর্গতদের অনেকেই জানালেন, গৃহ নির্মাণে সরকারি বরাদ্দের পাঁচ হাজার টাকা সম্পূর্ণ একটি ঘর বানানোর জন্য প্রকৃত চাহিদার তুলনায় খুবই কম। চার নম্বর ওয়ার্ডের ফারুক আখন্দ জানান, এক বান্ডিল ঢেউ টিনের দামই হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা।
বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কর্মকর্তা জন ম্যাকহ্যারিস এই এলাকার দুর্গতদের মধ্যে সাহায্য বিতরণে কেয়ার ও সহযোগী স্থানীয় সাহায্য সংস্থাগুলোর কার্যক্রম তদারক করছেন। তিনি জানালেন, দুর্গতের মধ্যে ঘর বরাদ্দের সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য নেওয়া হবে এবং এর ভিত্তিতেই বরাদ্দ তালিকা চূড়ান্ত করা হবে।
ভাসকেজ একটি বিদ্যালয়ে খাদ্য বিতরণ কার্যক্রমও পরিদর্শন করেন। তিনি ছাত্রদের মধ্যে বিস্কুট বিতরণ করেন।
সফরের সময় তার সঙ্গে ছিলেন ইউএসএইডের মিশন পরিচালক ডেনিস রলিনস, ঢাকার আমেরিকান সেন্টারের পরিচালক অ্যামি হার্ট ভ্র্যামপাস, খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ইউএস মিশনের জনসংযোগ কর্মকর্তা লিলিয়ান ডেভালকোট
-আয়ালাসহ সংবাদ মাধ্যমের কর্মীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/টিএইচ/এমএইচবি/২৩৩৫ ঘ.
bdnews24