ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যাচেষ্টার অভিযোগে সাবেক ফুটবলার কায়সারে হামিদের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। শিশু হাসপাতালের চিকিৎসক এম আমিনুল ইসলামের স্ত্রী মামলাটি করেন।
একই দিন সকালে শিশু হাসপাতালের চিকিৎসক-কর্মচারিরা কায়সার হামিদের বিচার দাবিতে হাসপাতালে সামনে মানববন্ধন করে।
২৯ মার্চ রাতে আসাদগেট সংলগ্ন একটি গ্যাস ফিলিং স্টেশনে লাইন ভেঙে গ্যাস নিতে বাধা দেওয়ায় কায়সার হামিদ উত্তেজিত হয়ে ডা. এম আমিনুল ইসলাামের মাথায় পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করেন। এত আমিনুল ইসলামের মাথা ফেটে যায়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডা. এম আমিনুল ইসলামের স্ত্রী ডা. খালেদা খানম সাবেক ফুটবলার কাওসার হামিদের বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেছেন। অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
ডা. এম আমিনুল ইসলাম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ ও এর কাগজপত্র সংগ্রহে দেরি হওয়ায় আজ (মঙ্গলবার) মামলা করা হয়েছে।
ডা. খালেদা খানম অভিযোগ করেন, গাড়িতে গ্যাস ভরার জন্য রোববার রাতে তারা আসাদগেটে সোনার বাংলা সার্ভিস অ্যান্ড ফিলিং স্টেশনে যান। সেখানে গাড়ির লাইন ছিল। কিন্তু লাইন ভেঙে কায়সার হামিদ তার গাড়িতে গ্যাস ভরতে চাইলে সবাই বাধা দেয়। এ সময় ডা. এম আমিনুল ইসলামের সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তিনি কিল, ঘুষি, লাথি মারের।
অভিযোগে বলা হয়, হামলার একপর্যায়ে সাবেক এই ফুটবলার পিস্তল বের করে গুলি করার চেষ্টা করেন। লোকজন বাধা দিলে তিনি পিস্তল দিয়ে আমিনুল ইসলামের মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়।
এর আগে ঘটনার পরপরই কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, তার গাড়ির চালকের সঙ্গে হাতাহাতির এক পর্যায়ে ডা. আমিনুল পড়ে গেলে মাথা ফেটে যায়। ঘটনার সময় তার কাছে অস্ত্র ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২২০৮ ঘ.
bdnews24