২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারিবারিক নির্যাতন রোধে জয়পুরহাটে 'দম্পতি মিলন উৎসব'

পারিবারিক নির্যাতন রোধে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল 'দম্পতি মিলন উৎসব'। এলাকার পাঁচ শতাধিক দম্পতি উৎসবে অংশ নেন। পাঁচবিবি স্টেডিয়াম মাঠে দু'দিনব্যাপী এই দম্পতি মিলন উৎসব শেষ হয়েছে গত সোমবার রাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

জয়পুরহাট, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারিবারিক নির্যাতন রোধে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় অনুষ্ঠিত হয়ে গেল 'দম্পতি মিলন উৎসব'। এলাকার পাঁচ শতাধিক দম্পতি উৎসবে অংশ নেন। পাঁচবিবি স্টেডিয়াম মাঠে দু'দিনব্যাপী এই দম্পতি মিলন উৎসব শেষ হয়েছে গত সোমবার রাতে। স্থানীয় বেসরকারি সংস্থা 'মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টার' আয়োজনে মেলায় সেরা দুই দম্পতিকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। সেরা দম্পতিরা হলেন- দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি আমিনুল হক বাবুল ও তার স্ত্রী রবীন্দ্র সংগীত শিল্পী ফেরদৌস আরা লিপি এবং ব্যবসায়ী ও সমাজকর্মী আবদুল হাকিম মণ্ডল ও তার স্ত্রী আফরোজা বেগম। পুরস্কার পাওয়ার পর সেরা দম্পতিরা তাদের সংসারে সুখে থাকার অভিজ্ঞতা বর্ণনা করেন। এছাড়া আরও কয়েক দম্পতি সংসারে তাদের ভালো লাগা ও খারাপ লাগার বিষয়গুলো তুলে ধরেন। সেরা দুই দম্পতি সম্পর্কে মোতরাজ গ্রাম উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম চৌধুরী শাহীন জানান, তারা গত এক বছরের বেশি সময় ধরে কোনো ঝগড়া করেনি। তারা পরিবারে কোনো নির্যাতন করে না। মিলেমিলে সংসার করেন। তাদের ছেলেমেয়েরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিভার স্বাক্ষর রেখেছে। তিনি জানান, পারিবারিক নির্যাতন রোধ, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে ভারসাম্যমূলক সম্পর্ক ও সহনশীলতা সৃষ্টি ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উৎসব দেখে এলাকার দম্পতিরা শিখতে পারবে এবং ভবিষ্যতে সেরা দম্পতি হওয়ার চেষ্টা করবে। দম্পতি মিলন উৎসব উপলক্ষে পাঁচবিবি স্টেডিয়ামে মেলারও আয়োজন ছিল। এতে অংশ নেয় নয়টি স্টল। স্টলগুলোতে নারী ও পুরুষের বিভিন্ন হাতের কাজ, গাছের চারা, উন্নত চুলাসহ বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা ছিল। উৎসবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম সিদ্দিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সোহরাওয়াদী ও নারী নেত্রী নাসিমা আকতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮১৮ ঘ.