ঢাকা, এপ্রিল ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ ৬টি বিভাগীয় শহরে মঙ্গলবার থেকে ট্রাকে করে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এক্ষেত্রে প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। পুরো এপ্রিল মাসজুড়ে একদিন পর পর এ কার্যক্রম চলবে।
খাদ্য অধিদপ্তরের উপ পরিচালক সেফাউর রহমান (সরবরাহ, বণ্টন ও বিপণন) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাকে করে বিভাগীয় শহরগুলোতে চাল বিক্রি শুরু হয়েছে। ঢাকার বিভিন্নস্থানে ২০টি ট্রাক নামানো হয়েছে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগীয় শহরেও একইরকম কার্যক্রম শুরু হয়েছে।"
তিনি জানান, চালের মূল্য স্থিতিশীল রাখতে ও মানুষের কষ্ট লাঘবের জন্য ২৭ মার্চ খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় চাল বিক্রির এ সিদ্ধান্ত নেয়। খাদ্য অধিদপ্তরের লোকবল দিয়ে প্রতিদিন সকাল থেকে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পুরো এপ্রিল মাসজুড়ে একদিন পর পর এ কার্যক্রম চলবে।
ঢাকা মহানগরীতে প্রতিটি ট্রাকে তিন হাজার ৬০ কেজি এবং অন্যান্য বিভাগীয় শহরে প্রতিটি ট্রাকে দুই হাজার ৪০ কেজি থাকবে।
সেফাউর রহমান জানান, প্রত্যেকে সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবে এবং প্রতি কেজি ২৫ টাকা দরে বিক্রি করা হবে।
প্রথমদিনে ঢাকা মহানগরীর আজিমপুর, প্রেসক্লাব, মতিঝিল, মোহাম্মদপুর, বনানী, ফার্মগেট, তেজগাঁওসহ প্রায় ২০টি স্থানে এ কার্যক্রম চলছে।
ট্রাকে করে চাল বিক্রি করা প্রসঙ্গে অধিদপ্তরের উপ পরিচালক সেফাউর রহমান জানান, চাল বিক্রির জন্যে ঢাকায় তিন হাজার ৮০০ ডিলার নিয়োগ দেওয়ার কথা রয়েছে। তবে এটি চূড়ান্ত না হওয়ায় ট্রাকে করেই চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়।
খাদ্য অধিদপ্তর ডিলারদের কাছে ২৩ টাকা ৫০ পয়সা কেজি দরে চাল বিক্রি করবে, তবে ডিলাররা তা ২৫ টাকায় বিক্রি করবে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, মঙ্গলবার সকালে নগরীতে ট্রাকে করে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। নগরীর দেওয়ান হাট মোড়, অলংকার মোড়, লাভ লেইন ও কোতয়ালি মোড়ে চাল বিক্রি হয়। প্রতিটি ট্রাকে ২ টন ৪০ কেজি করে চাল বিক্রি করা হচ্ছে বলে খাদ্য অধিপ্তর সূত্র জানিয়েছে।
চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ কার্যক্রমের আওতায় চারটি পয়েন্ট থেকে মঙ্গলবার আঠারশ'র অধিক লোক চাল সংগ্রহ করেছে। ট্রাক থেকে একজন ক্রেতা একদিন পর পর ২৫ টাকা দরে পাঁচ কেজি করে চাল সংগ্রহ করতে পারবেন।
ট্রাকের বাইরে নগরীর ৪১ টি ওয়ার্ডে খাদ্য অধিদপ্তরের তালিকাভুক্ত ১০৭ জন ডিলার খোলা বাজারে ২৫ টাকা কেজি দরে চাল বিক্রি করছে বলেও তিনি জানান।
সিরাজুল ইসলাম আরও জানান, নগরীতে খোলাবাজারে বিক্রি বাড়াতে আরও ১০০ জন ডিলার নিয়োগ দেওয়া হচ্ছে। এ সব ডিলার খোলা বাজারে চাল বিক্রি শুরু করলে ট্রাকে করে চারটি পয়েন্টে বিক্রি বন্ধ করে দেওয়া হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচসি/এএল/এমএসবি/এমএ/১৫৪৫ঘ.
bdnews24