মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দেড় হাজার খালের মধ্যে এক হাজারেরও বেশি মরে যাচ্ছে। যার বিরূপ প্রভাব পড়ছে কৃষি ক্ষেত্রে। সেচের জন্য ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়ায় পানির স্তর নিচে নেমে যাওয়াসহ পরিবেশগত নানা বিপর্যয়ও দেখা দিচ্ছে। কৃষি কর্মকর্তারা বলছেন, মরা খালগুলো সংস্কার করা হলে এগুলোর পানি দিয়েই আরও সাড়ে ৭ লাখ একরেরও বেশি জমি সেচের আওতায় আনা সম্ভব। যা ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও অনেকটা কমাবে।
সরকারি জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে খালের সংখ্যা ১৪৭৯টি। এর মধ্যে খরা মৌসুমেও প্রয়োজন অনুপাতে পানি থাকে- এমন খালের সংখ্যা ১৩২টি। বড় নদী কিংবা শাখা নদী থেকে বিল, হাওড়, বাওড় প্রভৃতির সঙ্গে সংযোগ রক্ষাকারী খাল রয়েছে ২৯৮টি। বাকি খালগুলোর মধ্যে কোনও কোনওটিতে খরা মৌসুমে মাঝে-মধ্যে পানি থাকে; আর অন্যগুলোতে খরা মৌসুমে পানি থাকে না।
শুকনা মৌসুমে পানি না থাকা খালগুলোকে 'মরা খাল' (আনফিট) বলছেন সংশ্লিষ্টরা। কৃষি কর্মকর্তারা বলছেন, মরা খালগুলো খনন বা সংস্কার করলে এগুলোর বিলুপ্তি যেমন ঠেকানো যাবে, তেমনি এগুলোর পানির ব্যবহার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতাও অনেকটা কমাবে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-সচিব ড. মোল্লা আজফারুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালে সেচের আওতায় কৃষিজমি ছিল ৪৮ লাখ ৮২ হাজার ৮৭৯ হেক্টর। এর মধ্যে ভূ-উপরিস্থ পানি দিয়ে মাত্র ২০ শতাংশ কৃষি জমিতে সেচ দেওয়া হয়। সেচের বাকি ৮০ শতাংশই আসে ভূ-গর্ভস্থ পানি পাম্পের মাধ্যমে।
তিনি বলেন, "এতে ভূগর্ভস্থ পানির চাপ বেড়ে যাচ্ছে দিনদিন। মরা খালগুলো সংস্কার হলে ভূ-উপরিস্থ পানি ব্যবহার আরও ১০ থেকে ১২ শতাংশ বাড়বে; যার মাধ্যমে সাড়ে ৭ লাখ একরেরও বেশি জমি সেচের আওতায় আনা সম্ভব।"
মোল্লা আজফারুল হক বলেন, "বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের ৯০ শতাংশই হয় বর্ষাকালে। অল্প সময়ে অনেক বৃষ্টি হওয়ায় বেশিরভাগ পানি সাগরে চলে যায়। সে পানি ধরে রাখা সম্ভব হয় না। এদিকে পানির অভাবে গ্রীষ্ম মৌসুমে সেচ দেওয়া সম্ভব হয় না।"
কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাইনর ইরিগেশন ইনফরমেশন সার্ভিস ইউনিট (মিশু)-এর সা
bdnews24