২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে হত্যা মামলায় একজনের মূত্যুদণ্ড, নয়জনের যাবজ্জীবন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈখালী গ্রামের আবু তালেব তালুকদার হত্যা মামলায় একজনকে মূত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নয়জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

বরিশাল, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৈখালী গ্রামের আবু তালেব তালুকদার হত্যা মামলায় একজনকে মূত্যুদণ্ড এবং নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এর পাশাপাশি যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নয়জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছর কারাদণ্ড দেওয়া হয়। বরিশাল জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ সোমবার বিকেলে এ রায় দেন। বাদীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলাটি পিরোজপুর জেলা জজ আদালত থেকে বিচারের জন্য বরিশাল পাঠায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- ফজলুল হক তালুকদার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হাবিবুর রহমান তালুকদার, মোস্তফা আকন, আলমগীর হোসেন তালুকদার, আব্দুস ছালাম তালুকদার, সাফায়েত হোসেন তালুকদার, মিনু তালুকদার, সাঈদুর রহমান তালুদার, হারুন তালুকদার ও খোকন তালুকদার। ১৯৯৯ সালের ২৬ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে আসামিরা জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবু তালেব তালুকদারকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ওই দিনই নিহতের ভাই ইকবাল হোসেন তালুকদার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুর রহমান খান ২০০০ সালের ১৪ জুলাই ভাণ্ডারিয়া ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বরিশাল জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) মীর্জা সালাহ উদ্দিন সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র দাখিল হওয়ার পর বাদি হাইকোর্টে এক রিট আবেদনে জানান পিরোজপুর জজ আদালতে মামলা পরিচালিত হলে তিনি ন্যায় বিচার পাবেন না। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশে মামলাটি পিরোজপুর থেকে বরিশাল জজ আদালতে স্থানান্তরিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৯ ঘ.