পাবনা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষের মনোজগত ভালবাসা শূন্য হয়ে যাচ্ছে। সেজন্য মানুষ একা হয়ে পড়েছে বলে মনে করেন পশ্চিম বাংলার বরেণ্য কথাশিল্পী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তিনি বলেন, "দিনদিন মানুষের মনোজগত থেকে ভালবাসা শুকিয়ে যাচ্ছে। তাই ভালবাসা শূন্য হয়ে দিনদিন একাকি হয়ে পড়ছি আমরা।"
রোববার রাতে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেন, "বাঙালিরা এখন পাশ্চাত্য সংস্কৃতির তোড়ে ভাসছে। আমরা এখন ভ্যালেন্টাইন ডে, মাদার ডে পালন করছি। এ সব পাশ্চাত্য সংস্কৃতি পালন করতে গিয়ে আমরা দিন দিন বাংলা থেকে দুরে চলে যাচ্ছি।"
তসলিমা নাসরিনের লেখালেখি সম্পর্কে তিনি বলেন, "লেখার মধ্যে যখন কেউ ধর্মকে আক্রমণ করে তখন আমি কষ্ট পাই। আশা করি আগামীতে তসলিমার শুভ বুদ্ধির উদয় হবে।"
শীর্ষেন্দু বলেন, তসলিমার লেখার মধ্যে নারীবাদিতা নেই; নেই কোন আদর্শ; আছে একটি বিশেষ গোষ্ঠির প্রতি আক্রোশ। যা একজন লেখকের কাছে কাম্য না।"
লেখা নিয়ে স্বেচ্ছাচারিতা করা ঠিক নয় বলেও তিনি মনে করেন।
পাবনা ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের আমন্ত্রণে দূরবীণ, মানবজমিন উপন্যাসের জন্য খ্যাত শীর্ষেন্দু মুখোপাধ্যায় শনিবার পশ্চিম বাংলা থেকে পাবনায় আসেন।
সৎসঙ্গ সাধারণ সম্পাদক ড. রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- শিক্ষাবিদ অধ্যাপক কামারুজ্জামান, অধ্যাপক বিজন কান্তি, পাবনা প্রেসক্লাবের সভাপতি রুমি খন্দকার, সাধারণ সম্পাদক উৎপল মীর্জা প্রমুখ।
রোববার রাতে শহরের অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে পাবনার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মতবিনিময় সভার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়া অনুষ্ঠানটি করা হয় হেমায়েতপুরে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে।
এই সভার আয়োজক ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গের কোষাধ্যক্ষ যুগল চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ অনুমতি না দেওয়ায় পাবনা শহরের কর্মসূচি বাতিল করা হয়। পরে শহরের উপকণ্ঠে হেমায়েতপুরের অবস্থিত শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের আশ্রমে এই সভা অনুষ্ঠিত হয়।
তিনি অভিযোগ করেন, বৃহস্পতিবার মতবিনিময় সভার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর তারা চিঠি দিয়েছেন। কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি দেয়নি।
সোমবার এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়োজকদের চিঠি তারা সময়মত হাতে পাননি। বৃহস্পতিবার চিঠি দেওয়া হলেও দুই দিন ছুটি থাকায় তারা সোমবার পেয়েছেন। এই বিলম্বের কারণে আবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা যায়নি।
জেলা প্রশাসক খন্দকার মোখলেছুর রহমান জানান, নিয়ম অনুযায়ী অনুষ্ঠানের অনুমতি দেবে পুলিশ প্রশাসন। সে জন্য চিঠিটি তিনি পুলিশ সুপার কার্যালয়ে পাঠিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.
bdnews24