ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনাকে জোর করে হাসপাতাল থেকে আদালতে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান।
সোমবার বিকেলে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে দেশের প্রধান কারা কর্মকর্তা বলেন, "শেখ হাসিনাকে জোর করে নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না।"
রোববার শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতাল থেকে আদালতে নিয়ে যাওয়ার পর তিনি অভিযোগ করেন, তাকে জোর করে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে।
জাকির হাসান বলেন, "শেখ হাসিনাকে এর আগে একই মামলায় তিনবার আদালতে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দু'বার আদালতকে জানায়, তিনি অসুস্থ। আর একবার শেখ হাসিনা রাজি না হওয়ায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি। এবার তিনি সুস্থ থাকায় এবং স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেওয়ায় আমরা তাকে আদালতে নিয়ে যাই।"
তিনি বলেন, গত ১৩, ১৭ ও ২৩ মার্চ কর্তৃপক্ষ হাসিনাকে আদালতে হাজির করতে ব্যর্থ হলে আদালত অসন্তোষ প্রকাশ করেন। শেষ পর্যন্ত ৩০ মার্চ তাকে অবশ্যই আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে লিখিত নির্দেশ দেয়া হয়। ২৯ মার্চ কারা কর্তৃপক্ষ শেখ হাসিনার পছন্দের তিন আইনজীবীকে দিয়ে এবং পরে তার স্বামীকে এনে বুঝিয়েও আদালতে হাজির হওয়ার জন্য তাকে রাজি করাতে পারেনি।
কারা মহা পরিদর্শক বলেন, "৩০ মার্চ স্কয়ার হাসপাতালের দেওয়া স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার অবস্থা স্থিতিশীল। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল ত্যাগের ছাড়পত্রও দিয়ে দেয়। এই ছাড়পত্র পাওয়ার পর তো আর তিনি হাসপাতালে থাকতে পারেন না। এ অবস্থায় আমরা আদালতের নির্দেশ তামিল করেছি মাত্র।"
শেখ হাসিনা আদালতে না যাওয়ার জন্য কী যুক্তি দেখিয়েছেন জানতে চাইলে ব্রিগেডিয়ার জেনারেল হাসান বলেন, "তিনি অসুস্থতার যুক্তি দেখিয়ে আদালতে যেতে চাননি।"
হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "কারাবিধিতে এ সুযোগ নেই। এটা সরকারের সিদ্ধান্তের বিষয়।"
উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকীও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
শেখ হাসিনাকে রোববার সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হলে তিনি বিচারককে বলেন, "আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমার আরও কয়েকটি পরীক্ষা করার কথা ছিল। কিন্তু পরীক্ষাগুলো শেষ না করেই আমাকে রিলিজ করা হয়েছে।"
আদালত থেকে তাকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়।
এর আগে দুপুরে স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে আমরা ডিসচার্জ করে দিয়েছি। তার কিছু শারীরিক পরীক্ষা এখনো বাকি রয়েছে। পরীক্ষাগুলো করার জন্য তিনি আসবেন। তবে ভর্তির প্রয়োজন নেই।"
হাসিনাকে গত ১১ মার্চ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২০০২ ঘ.
bdnews24