ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন সচল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিশন পাহাড়ে ভূমির বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে।
সোমবার খাদ্য উপদেষ্টা এম এম শওকত আলী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্যারিস্টার দেবাশীষ রায় 'পার্বত্য চট্টগ্রাম ভূমি সমস্যা: সমাধানের উপায়' শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা জানিয়েছেন।
ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে 'বিশিষ্ট নাগরিকবৃন্দ' নামে একটি সংগঠন এই গোলটেবিল বৈঠক আয়োজন করে।
পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী ২০০১ সালে সরকার ভূমি কমিশন গঠন করে। তবে লোকবলের অভাব, অর্থ বরাদ্দ না থাকায় এবং অবকাঠামোগত সমস্যার কারণে এতদিন এই কমিশন কার্যক্রম শুরু করতে পারেনি।
বৈঠকে উপদেষ্টা এম এম শওকত আলী বলেন, "পার্বত্য ভূমি কমিশন যাতে এই সরকারের আমলেই সচল হয়, সরকার সে জন্য ব্যবস্থা নেবে। ভূমি কমিশনকে কার্যকর করার জন্য একজন চেয়ারম্যান ও দুজন সদস্যকে সার্বক্ষণিকভাবে নিয়োগ দিতে হবে। এছাড়া কমিশন যেন পার্বত্য অঞ্চলে ভূমির বিরোধ মেটাতে প্রতিদিন বিচারিক কাজে বসে, সে দিকেও লক্ষ্য রাখা হবে।"
তিনি আরো বলেন, "পার্বত্য অঞ্চলের জন্য একটি এবং সমতলের আদিবাসীদের জন্য আরেকটি- এরকম দুটি ভূমি কমিশন গঠন করা হবে কি না, তা আলোচনার বিষয়। এছাড়া কমিশনের কাজের আওতা নির্দিষ্ট করতে হবে।"
রাজা দেবাশীষ রায় বলেন, "পার্বত্য চট্টগ্রামে জেলা জজ আদালত স্থাপন করার পাশাপাশি এ সরকারের আমলে সেখানে ভূমি কমিশনকে কার্যকর করা হবে। এ ছাড়া কমিশনের আইনটি খতিয়ে দেখা হবে।"
তিনি বলেন, "পাহাড়ে জমির বন্দোবস্ত কি প্রক্রিয়ায় দেওয়া হবে, বাঙালিদের জমির বন্দোবস্ত বাতিল করা হলে তাদের পুনর্বাসনের প্রয়োজন হবে কি না- এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন।"
কমিশন পাহাড়ি-বাঙালি সবার ভূমি অধিকার নিশ্চিত করবে- জানিয়ে রাজা দেবাশীষ বলেন, "কমিশন পাহাড়িদের প্রচলিত রীতি-নীতি ও ঐতিহ্য বজায় রেখে কাজ করবে। ঐতিহ্য অনুযায়ী পাহাড়িদের জমির দলিল থাকতে হবে- এমনটি নয়।"
সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, "পীরেন স্নাল, আলফ্রেড সরেণ, চলেশ রিছিল- সমতলের আদিবাসী এলাকায় ভূমির অধিকার রক্ষা করতে গিয়েই নিহত হয়েছেন। কাজেই পাহাড়ে ও সমতলে ভূমি দখলের আগ্রাসী চিত্র সাধারণভাবে একই।"
গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের পঙ্কজ ভট্টচার্য, ব্যারিস্টার সারা হোসেন, অধ্যাপক আবুল বারকাত, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আদিবাসী নেতা সঞ্জিব দ্রং, রবীন্দ্র নাথ সরেণ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/এমএ/১৪৪০ঘ.
bdnews24