ঢাকা, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---অস্থিতিশীল বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বশেষ উদ্যোগে এক বিশেষ কমিটি গঠন করছে সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 'কোর কমিটি' নামের এ কমিটি সমস্যা মোকাবেলায় কি ধরণের পদক্ষেপ নেওয়া যায় তা নির্ধারণ করবে।
রোববার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকশেষে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম সাংবাদিকদের বলেন, "আগামী মঙ্গলবার এই কমিটি গঠন হবে এবং একই দিন তারা বৈঠকে বসবেন"।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা এ কমিটির সদস্য হতে পারেন।
প্রেস সচিব বলেন, "পণ্যের মূল্য সকল পর্যায়ের মানুষকে আঘাত করেছে। এ অবস্থায় বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রেখে মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য কি কি পদক্ষেপ নেয়া যায় সে বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেবে এই কোর কমিটি।"
ফাহিম মুনেম জানান, বাণিজ্য মন্ত্রণালয় একটি তথ্য প্যাকেজ তৈরি করছে যাতে পণ্যের দাম, মজুদ, সরবরাহ পরিস্থিতিসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। এগুলো সাংবাদিকদের সরবরাহ করা হবে।
এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, রেশন ব্যবস্থা চালু করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে যেহেতু খোলা বাজারে চাল বিক্রির পদ্ধতিটি 'অনেকটা রেশনিং এর মতই' সে কারণে এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
এছাড়া ওএমএস অব্যাহত রাখা, মাসিক বরাদ্দ বৃদ্ধি, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী চালুর বিষয় আলোচনায় এসেছে। এসব বিষয়ে কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এসকে/২১০৯ঘ.
bdnews24