২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্যের তৎপরতায় প্রতিবন্ধী শিশুকে ফিরে পেল পরিবার

পুলিশের এক সদস্যের প্রচেষ্টায় নিজ ঠিকানায় ফিরতে পেরেছে হারিয়ে যাওয়া এক মানসিক প্রতিবন্ধী শিশু। শনিবার জয়পুরহাট সদর থানায় আকিব নামের শিশুটিকে তার মামার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আকিবের বাড়ি ঢাকার দক্ষিণ খান এলাকায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 04:27 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

জয়পুরহাট, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের এক সদস্যের প্রচেষ্টায় নিজ ঠিকানায় ফিরতে পেরেছে হারিয়ে যাওয়া এক মানসিক প্রতিবন্ধী শিশু। শনিবার জয়পুরহাট সদর থানায় আকিব নামের শিশুটিকে তার মামার কাছে ফিরিয়ে দেওয়া হয়। আকিবের বাড়ি ঢাকার দক্ষিণ খান এলাকায়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, দক্ষিণ খান এলাকার পোশাক কারখানার মালিক ইঞ্জিনিয়ার কবির হোসেনের মানসিক প্রতিবন্ধী ছেলে আকিব বৃহস্পতিবার সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে সে 'দ্রতযান' ট্রেনে চড়ে বসে। কামাল উদ্দিন বলেন, "ওই ট্রেনে ১০ দিনের ছুটিতে জয়পুরহাটে গ্রামের বাড়ি ফিরছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক্সচেঞ্জ অপারেটর কনস্টেবল মাহবুব হোসেন। কিছুক্ষণ পর আকিব তার কোলে চড়ে বসে। মাহবুব ভেবেছিলেন তার মা, বাবা হয়ত পাশেই আছে। কিন্তু পুরো ট্রেনে খুঁজেও শিশুটির অভিভাবকদের না পেয়ে তিনি বুঝতে পারেন আকিব বাড়ির সবার অলক্ষে বেরিয়ে এসেছে।" কনস্টেবল মাহবুব বিষয়টি ডিএমপিকে জানিয়ে শিশুটিকে জয়পুরহাট সদর থানায় জমা দেয়। ডিএমপি কর্তৃপক্ষ এরপর দেশের সব থানায় বার্তা পাঠায়। এদিকে ছেলে নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা দক্ষিণ খান থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ডিএমপির বার্তা পেয়ে দক্ষিণ খান থানা পুলিশ আকিবকে পাওয়ার ঘটনা জানতে পারে। বিষয়টি তার পরিবারকেও জানানো হয়। শনিবার আকিবকে তার মামা আফজাল চৌধুরীর কাছে বুঝিয়ে দিয়েছে জয়পুরহাট থানা পুলিশ। আনন্দিত আফজাল চৌধুরী পুলিশ সদস্য মাহবুব হোসেনের অকুণ্ঠ প্রশংসা করে বলেন, "পুলিশের ভূমিকা যেন এমনই হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসএনডি/২২১৫ ঘ.