ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করেছে সরকার।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল সাংবাদিকদের এ তথ্য জানান।
তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি।
এর আগে গত ৬ মার্চ হানিফ ইকবাল সাংবাদিকদের বলেছিলেন, "প্রাথমিক অনুসন্ধানে আবুধাবির বাংলাদেশ দুতাবাসে কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। কমিশনের একজন উপপরিচালক সেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগ সম্পর্কে প্রাথমিক অনুসন্ধান করেছেন। দূতাবাসের শীর্ষ কর্মকর্তাসহ অন্যদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন তিনি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে।"
মহাপরিচালক জানান, সড়ক ও জনপথ বিভাগের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম এবং সার নিয়ে দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধেও প্রাথমিক তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। আগামী এক মাস এসব বিষয়ে সাক্ষ্যগ্রহণ ও জাবানবন্দি নেওয়া হবে। তারপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন।
হানিফ ইকবাল বলেন, "জাতীয় পার্টির (মঞ্জু) নেতা আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পত্তির মালিক হওয়া এবং সম্পত্তির তথ্য গোপনের মামলায় অভিযোগপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।"
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ডা. ফিরোজ মাহমুদ ইকবাল দম্পতি এবং ওয়ার্ড কমিশনার আব্দুল কাইয়ূম ও তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগপত্র চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/টিএইচ/জেকে/এমএইচবি/২২৩১ ঘ.
bdnews24