ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা বিচারে ছয় মাস জেল খাটার পর কার্টুনিস্ট আরিফুর রহমান বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন।
উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর আরিফকে ঢাকা কেন্দ্রীয় কারাগর থেকে মুক্তি দেওয়া হয়।
এর আগে সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোসাম্মৎ ইসমত আরা কার্টুনিস্ট আরিফকে মুক্তির আদেশ দেন।
গতবছর ১৬ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোর রম্য সাময়িকী আলপিন-এ 'নাম' শিরোনামে আরিফের একটি কার্টুন প্রকাশিত হওয়ার পর ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ১৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
একই অভিযোগে সরকার আলপিনের ৪৩১তম সংখ্যাটি বাজেয়াপ্ত করে। পরে প্রথম আলো কর্তৃপক্ষ 'অসাবধানতাবশত' এই কার্টুন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে কার্টুনটি প্রত্যাহার করে নেয়। সরকারের নির্দেশে আলপিনের প্রকাশনাও বন্ধ করে দেওয়া হয়।
আরিফ তার দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্রের জন্য ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন। তার আঁকা কার্টুন ডেইলি স্টার আয়োজিত একটি দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতায় প্রথম এবং ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) অনুরূপ প্রতিযোগিতায় ৩য় স্থান পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এমএইচবি/২১৩৮ ঘ.
bdnews24