২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ আদালতে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের দাবি আইনজীবীদের

উচ্চ আদালতে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ ছাড়া বেঞ্চ গঠন ও পুনর্গঠনের বিষয়ে একটি কার্যকর নীতিমালা তৈরিরও দাবি করেছেন সমিতির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ আদালতে বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এ ছাড়া বেঞ্চ গঠন ও পুনর্গঠনের বিষয়ে একটি কার্যকর নীতিমালা তৈরিরও দাবি করেছেন সমিতির নেতারা। বৃহস্পতিবার দুপুরে সমিতির দক্ষিণ হলে এক সাধারণ সভায় নেতৃবৃন্দ এই দাবি জানান। সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর উল ইসলামের সভাপতিত্বে সভায় গৃহীত প্রস্তাবে বলা হয়, উচ্চ আদালতে বিচারক নিয়োগ সম্পর্কিত একটি অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে। কিন্তু অধ্যাদেশ জারির আগে আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনা বা তাদের মতামত নেওয়া হয়নি। অথচ বিচারব্যবস্থায় আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই এ অধ্যাদেশ বাতিল করে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে বিচারক নিয়োগের একটি কার্যকর নীতিমালা তৈরি করতে হবে। এতে আরও বলা হয়, বেঞ্চ গঠন ও পুনর্গঠনের ক্ষমতা কেবল প্রধান বিচারপতির হাতে না রেখে আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে একটি কমিটি করে সেই কমিটির মাধ্যমে এ কাজটি সম্পাদন করা যেতে পারে। এ জন্য সমিতি একটি নীতিমালা করার কথা বলে আসছে। কিন্তু সমিতির এই দাবি উপেক্ষা করে গত এক সপ্তাহে পুরনো প্রক্রিয়াতেই বেঞ্চ গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এতে সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে। ব্যারিস্টার আমীর উল ইসলাম বলেন, "যোগ্য ও সক্ষম বিচারপতিদের কাজ করার সুযোগ না দিয়ে গুরুত্বহীন বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যোগ্য ও সক্ষম বিচারকদের নিয়ে বেঞ্চ গঠন করা প্রয়োজন।" ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "কাগজে-কলমে বিচার বিভাগ স্বাধীন হলেও শক্তিশালী বার না থাকলে কার্যত কোনো স্বাধীনতা থাকে না। বেঞ্চের ক্ষমতা কেড়ে নেওয়া বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের সামিল।" সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহমুদ হোসেন, হুমায়ুন হোসেন খান, একে মুজিবুর রহমান, আবদুল মান্নান খান, এ এম আমিনউদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০৫৪ ঘ.