চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একমাত্র খনন জাহাজ 'খনক' প্রায় আট মাস পর সচল হয়েছে। বৃহস্পতিবার থেকে বন্দর চ্যানেলে আবার নিয়মিত খনন কাজ শুরু করেছে 'খনক'।
গত বছরের ১৩ আগস্ট একটি বিদেশি জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আট মাস বিকল ছিল 'খনক'।
খনন (ড্রেজিং) কাজ শুরু উপলক্ষে বৃহস্পতিবার নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) চার নম্বর জেটিতে এক অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান কমোডোর এম ফারুক বলেন, 'খনক' আবার কাজ শুরু করায় বন্দর চ্যানেলে নাব্যতা সংক্রান্ত জটিলতা আর থাকবে না।
তিনি জানান, গত আট মাস এটি অচল থাকায় বন্দর চ্যানেলের গভীরতা দশমিক তিন মিটার কমে যায়। যদিও এসময় বেসরকারি ছোটখাট কয়েকটি প্রতিষ্ঠান জরুরি ভিত্তিতে খনন করেছিল বলে তিনি উল্লেখ করেন।
বন্দর চেয়ারম্যান বেেলন, প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে এ জাহাজটি মেরামত করা হয়েছে। ১৯৯১ সালে ১৩৫ কোটি ব্যয়ে ফ্রান্স থেকে কেনা ৮৫ মিটার দীর্ঘ এ জাহাজটি প্রতিবার আড়াই হাজার ঘন মিটারের সমতুল্য চার হাজার টন বালি উত্তোলন করতে সক্ষম। প্রতিদিন এটি ৮ হাজার ঘন মিটার বালি উত্তোলন করতে পারে।
গত বছর আগস্টে বন্দরের পাঁচ নম্বর জেটিতে একটি বিদেশি জাহাজের ধাক্কায় 'খনক' ক্ষতিগ্রস্ত হয়। বেসরকারি প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাই ডকে এ মাসের প্রথম সপ্তাহে এটির মেরামত কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার বন্দর চ্যানেলের মোহনায় বহিনোঙরে এটি আবার কাজ শুরু করে।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমোডর এম ফারুক জানান, নিয়মিত খনন ছাড়াও কর্তৃপক্ষ চ্যানেলের নাব্যতা রক্ষায় 'ক্যাপিটাল ড্রেজিংয়ের' (বড় ধরনের খনন কাজ) প্রক্রিয়া শুরু করেছে। প্রকল্পের পরামর্শক হিসেবে বুয়েটকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে দরপত্রের মাধ্যমে বিদেশি একটি প্রতিষ্ঠানকে ৭৫ কোটি টাকা ব্যয়ে কাজ দেওয়া হলেও ব্যয় বেড়ে যাওয়ায় তারা ক্যাপিটাল ড্রেজিং করতে অস্বীকৃতি জানায়। এ কারণে প্রকল্পটি সংশোধন করা হচ্ছে। একটি বন্দরের নাব্যতা বজায় রাখতে ২৫/৩০ বছরের মধ্যে একবার এ ধরনের বড় মাপের খনন (ক্যাপিটাল ড্রেজিং) আবশ্যক বলে তিনি জানান।
বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইজারার ভিত্তিতে বন্দর চ্যানেলে খননের কাজ করছে। গত বছরের ৩ মার্চের চুক্তি অনুসারে এ প্রতিষ্ঠানটির চ্যানেল থেকে তিন লাখ ঘন মিটার বালু উত্তোলনের কথা ছিল। চুক্তির আর অবশিষ্ট রয়েছে ৬৬ দিন। এ সময়ে আরও ৮২ হাজার ৮৮২ ঘন মিটার বালু উত্তোলন করতে হবে প্রতিষ্ঠানটিকে।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর শুষ্ক মওসুমে উজানের পানি প্রবাহ কমে যাওয়ায় জোয়ারের সময় আনোয়ারা ও সাঙ্গুন উপকূল থেকে আসা পলি বহিনোঙর ও চ্যানেলের বিভিন্ন স্থানে জমে যায়। এছাড়াও শুষ্ক মওসুমে জোয়ারের গড় উচ্চতা কমায় চ্যানেলে নাব্যতা কমে যায়। ফলে প্রতি বছর জেটি এলাকা থেকে বহিনোঙর পর্যন্ত জাহাজ চলাচলে বিঘ
bdnews24