২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে যুবকের মৃত্যু: অভাবের তাড়নায় আত্মহত্যা বলে সন্দেহ

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক যুবককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অভাবের তাড়নায় ওই যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 06:40 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় এক যুবককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। অভাবের তাড়নায় ওই যুবক ফাঁসিতে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা। যাত্রাবাড়ি থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীবন রহমান ইমন (২৮) নামে ওই যুবক মঙ্গলবার রাত দশটায় বাসায় ফিরে স্ত্রী কমলা বেগমের কাছে খাবার চায়। স্ত্রী ঘরে চাল নেই জানালে জীবন তাকে দোকান থেকে খাওয়ার জন্য কিছু কিনে আনতে বলে। স্ত্রী ফিরে এসে ডাকাডাকি করে তার সাড়া পায়নি। পরে পাশের ভাড়াটেরা এসে জীবনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মৃত দেখতে পায়। পুলিশ বলছে, স্ত্রী দোকানে যাওয়ার জন্য বের হলে জীবন বাসার ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগায় বলে মনে করা হচ্ছে। জীবনের পরিবার খুব আর্থিক সমস্যায় ছিল বলে পুলিশ জানিয়েছে। বুধবার দুপুরে জীবনের লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। জীবনের গ্রামের বাড়ি দক্ষিণাঞ্চলের ভান্ডারিয়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২৩৫৮ঘ.